ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নামে আরও একটি লিখিত বার্তা প্রকাশ করা হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে এখনো তাকে জনসমক্ষে দেখা যায়নি। রোববার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রকাশিত বার্তায় মোজতবা খামেনি ইরানের বিরুদ্ধে আগ্রাসনের বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য ইরাকের ধর্মীয় নেতা ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ইরানি গণমাধ্যমের […]
ছবি: সংগৃহীত
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নামে আরও একটি লিখিত বার্তা প্রকাশ করা হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে এখনো তাকে জনসমক্ষে দেখা যায়নি। রোববার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রকাশিত বার্তায় মোজতবা খামেনি ইরানের বিরুদ্ধে আগ্রাসনের বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য ইরাকের ধর্মীয় নেতা ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাগদাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এবং ইরাকের সুপ্রিম ইসলামিক অ্যাসেম্বলির স্পিকারের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকের পর একজন ইরাকি কর্মকর্তার কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়া হয়।
চলতি মার্চ মাসের শুরুতে সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনির নামে একাধিক লিখিত বার্তা সামনে এসেছে। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তাকে রাষ্ট্রীয় টেলিভিশন কিংবা জনসমক্ষে কোথাও দেখা যায়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি হামলার প্রথম দিনেই ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর মার্চের শুরুতে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মোজতবা খামেনি হয়তো মারা গেছেন, অথবা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। কারণ এখন পর্যন্ত তার কোনো প্রত্যক্ষ খোঁজ পাওয়া যাচ্ছে না।
অন্যদিকে, জেনেভায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থেই মোজতবা খামেনি জনসমক্ষে আসছেন না।