যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর বাংলাদেশ সরকারের বিবৃতিতে অসন্তোষ ও দুঃখ প্রকাশ করেছে ইরান। তেহরানের প্রত্যাশা ছিল, মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই হামলার সরাসরি নিন্দা জানাবে। কিন্তু সে বিবৃতিতে তা না থাকায় তারা হতাশ হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী। বুধবার ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত এ […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর বাংলাদেশ সরকারের বিবৃতিতে অসন্তোষ ও দুঃখ প্রকাশ করেছে ইরান। তেহরানের প্রত্যাশা ছিল, মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই হামলার সরাসরি নিন্দা জানাবে। কিন্তু সে বিবৃতিতে তা না থাকায় তারা হতাশ হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী।
বুধবার ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।
তিনি বলেন, “ইরান ইস্যুতে বাংলাদেশের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি। এই বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র এবং আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ। আমরা আশা করেছিলাম বাংলাদেশ আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা জানাবে, কিন্তু সেটি হয়নি।”
রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, পাকিস্তান, তুরস্ক এবং এমনকি স্পেনও এই হামলার সরাসরি নিন্দা জানিয়েছে। অথচ বাংলাদেশের পক্ষ থেকে শুধু “উদ্বেগ” প্রকাশ করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তবে এই অবস্থান নিয়ে অসন্তুষ্ট হলেও ঢাকা বিষয়ে ইরান আনুষ্ঠানিক কোনো চিঠি দেবে না বলে জানান তিনি। তার ভাষায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তিনি পরবর্তী কোনো সাক্ষাতে বিষয়টি ব্যক্তিগতভাবে তুলে ধরবেন। সম্প্রতি ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তার স্বাভাবিক আলাপও হয়েছে বলে জানান রাষ্ট্রদূত।
আঞ্চলিক অস্থিরতার দায় নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে জলিল রহিমী বলেন, ইরান কোনো প্রতিবেশী মুসলিম দেশে হামলা করছে না; বরং ওই সব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তার মতে, যেসব দেশ নিজেদের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি স্থাপনের সুযোগ দিয়েছে, সাধারণ মানুষের মৃত্যুর জন্য তাদেরও দায় রয়েছে।
তিনি আরও প্রশ্ন তোলেন, এই অঞ্চলে এমন সংকটের পরও কেন আরব দেশগুলো যুক্তরাষ্ট্রকে ঘাঁটি স্থাপনের সুযোগ দিচ্ছে।
তবে ক্ষোভ প্রকাশ করলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার বার্তাও দেন ইরানি রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশ যদি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেয়, তাহলে তেহরান তা স্বাগত জানাবে। একই সঙ্গে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
রাষ্ট্রদূত আরও বলেন, জাতিসংঘ ও ওআইসির সদস্য হিসেবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে বাংলাদেশের অবস্থান আরও স্পষ্ট হওয়া প্রয়োজন।