অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) এক অফিস আদেশে পুলিশ হেডকোয়ার্টার্স এ তথ্য জানিয়েছে। এর আগে রাজধানীর পূর্বাচলের রূপগঞ্জের কালনী এলাকায় তাঁর মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ ৮৫ জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন নারী ও ৫৯ জন পুরুষ রয়েছেন। অভিযানকালে মদ, […]
ছবি: সংগৃহীত
অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) এক অফিস আদেশে পুলিশ হেডকোয়ার্টার্স এ তথ্য জানিয়েছে। এর আগে রাজধানীর পূর্বাচলের রূপগঞ্জের কালনী এলাকায় তাঁর মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ ৮৫ জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন নারী ও ৫৯ জন পুরুষ রয়েছেন। অভিযানকালে মদ, সিনথেটিক মাদক, সিসা ও বিয়ার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য জানান।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, বাড়িটিতে দীর্ঘদিন ধরে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টির আসর বসানোর তথ্য পাওয়া গিয়েছিল। ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। বাড়িটি অনলাইনের মাধ্যমে ভাড়া দেওয়া হতো বলেও জানান তিনি।
সোমবার রাতে শুরু হওয়া অভিযান মঙ্গলবার পর্যন্ত চলে। এ সময় মদ, সিনথেটিক মাদক, সিসা ও বিয়ার উদ্ধার করা হলেও মাদকের সুনির্দিষ্ট ধরন ও পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। মঙ্গলবার বিকেল পর্যন্ত বাড়িটিতে তল্লাশি ও আলামত সংগ্রহের কাজ চলে।
এ বিষয়ে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির বলেন, পর্যটকসহ বিভিন্ন ধরনের মানুষ অস্থায়ীভাবে থাকা কিংবা সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য নিয়ম মেনে বাড়িটি ভাড়া নেন। দীর্ঘদিন ধরেই তিনি এভাবে বাড়িটি ভাড়া দিয়ে আসছেন।
জহিরের দাবি, গত সোমবার রাতে জন্মদিনের অনুষ্ঠান আয়োজনের জন্য বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। ভাড়ার শর্তে মদ, ওয়াইন, যেকোনো ধরনের মাদক এবং অবৈধ কার্যকলাপ কঠোরভাবে নিষিদ্ধ বলে উল্লেখ রয়েছে।
তিনি আরও বলেন, বাড়িটির পাঁচটি শয়নকক্ষে সাধারণভাবে সর্বোচ্চ ১০ জন অতিথি রাত কাটাতে পারেন। অতিরিক্ত বিছানার ব্যবস্থা করে সর্বোচ্চ ২০ জনের থাকার সুযোগ রয়েছে। ১০ জনের বেশি অতিথির ক্ষেত্রে জনপ্রতি অতিরিক্ত ৮ ডলার ফি নির্ধারিত রয়েছে। এ ছাড়া প্রবেশের সময় প্রত্যেক অতিথির জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের অনুলিপি জমা দেওয়ার শর্ত রয়েছে। দিনের বেলায় পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্য সর্বোচ্চ ৪০ জন অতিথি আসতে পারবেন বলেও নিয়মে উল্লেখ রয়েছে।
আবদুল্লাহ আল জহিরের ভাষ্য, বাড়িটিতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে থাকলে তার দায় বাড়িটি ভাড়া নেওয়া ব্যক্তিদের। তবে সোমবার রাতের অনুষ্ঠানে কতজনকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং অতিথিদের পরিচয়পত্র যাচাই করা হয়েছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ডিবি সূত্রে জানা গেছে, অনলাইনে বেশ কিছুদিন ধরেই বাড়িটিতে আয়োজিত গোপন আড্ডার প্রচারণা চলছিল। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে দূরদূরান্ত থেকে অনেকে সেখানে জড়ো হন। খবর পেয়ে সোমবার মধ্যরাতে ডিবির একটি দল সেখানে ঝটিকা অভিযান শুরু করে।
এ ঘটনায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে প্রত্যাহারের সিদ্ধান্তের কথা মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের অফিস আদেশে জানানো হয়।