ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির প্রথম ধাপের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, চুক্তির প্রায় ৯৯ শতাংশ বিষয়েই দুই দেশ একমত হয়েছে। মঙ্গলবার (২ জুন) যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল নয়াদিল্লিতে তিন দিনের বৈঠক শুরু করেছে। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দলটি […]
ছবি: সংগৃহীত
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির প্রথম ধাপের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, চুক্তির প্রায় ৯৯ শতাংশ বিষয়েই দুই দেশ একমত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল নয়াদিল্লিতে তিন দিনের বৈঠক শুরু করেছে। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দলটি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চালিয়ে যাচ্ছে।
সোমবার রাতে দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পীযূষ গয়াল বলেন, অধিকাংশ গুরুত্বপূর্ণ ইস্যুর সমাধান হয়ে গেছে এবং এখন কেবল কিছু কারিগরি ও ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা চলছে। তার ভাষায়, “এখন মূলত কমা-ফুলস্টপের মতো ছোটখাটো বিষয় বাকি রয়েছে।”
গত ফেব্রুয়ারিতে বাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছিল। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা কিছু শুল্ক আদালতের রায়ে বাতিল হওয়ার পর আলোচনা কিছুটা ধীর হয়ে পড়ে। পরে ট্রাম্প প্রশাসন ভারতসহ কয়েকটি দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যচর্চার অভিযোগে নতুন তদন্ত শুরু করে। একই সময়ে ১০ শতাংশ সাধারণ শুল্ক বহাল রাখে ওয়াশিংটন।
গয়াল জানান, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আইনি পরিবর্তনগুলো চুক্তির চূড়ান্ত খসড়ায় কীভাবে অন্তর্ভুক্ত হবে, তা এখন পর্যালোচনা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুতই দুই দেশের মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির প্রথম ধাপ সই হতে পারে।
তবে এই প্রথম ধাপের পর আরও বিস্তৃত ও সমন্বিত একটি পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলবে বলেও জানান তিনি।
গত সপ্তাহে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরও জানিয়েছিলেন, অন্তর্বর্তী চুক্তিটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সই হতে পারে।
ওয়াশিংটন ও নয়াদিল্লি ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। সেই লক্ষ্য অর্জনে বাজারে প্রবেশাধিকার, শুল্ক হ্রাস এবং বাণিজ্যসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি নিয়ে গত মার্চ থেকেই ধারাবাহিক আলোচনা চলছে।
ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রস্তাবিত চুক্তিতে দেশটির কৃষি ও দুগ্ধ খাতের স্বার্থ সুরক্ষিত রাখা হয়েছে। একই সঙ্গে এই চুক্তি ভারতীয় রপ্তানিকারকদের জন্য প্রায় ৩০ ট্রিলিয়ন ডলারের বৃহৎ মার্কিন বাজারে প্রবেশের সুযোগ আরও সহজ করবে।
সূত্র: এএফপি