ভারতে বিজেপির বিরুদ্ধে বিরোধী শক্তিকে আরও সক্রিয় করতে জুনের প্রথম সপ্তাহে ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে বিরোধী দলগুলোর ঐক্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই ইন্ডিয়া জোটের শরিকদের নিয়ে নতুন করে আলোচনা শুরু হচ্ছে। মমতা বলেন, শুধু […]
ছবি: সংগৃহীত
ভারতে বিজেপির বিরুদ্ধে বিরোধী শক্তিকে আরও সক্রিয় করতে জুনের প্রথম সপ্তাহে ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে বিরোধী দলগুলোর ঐক্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই ইন্ডিয়া জোটের শরিকদের নিয়ে নতুন করে আলোচনা শুরু হচ্ছে।
মমতা বলেন, শুধু জোটের ভেতরের দল নয়, বিজেপিবিরোধী অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। তার দাবি, বিজেপির নীতির বিরুদ্ধে জনগণকে সংগঠিত করতে বিরোধীদের সমন্বিত আন্দোলনের বিকল্প নেই।
সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নানা চাপ ও অস্থিরতার মধ্যেও মমতা স্পষ্ট করে দিয়েছেন, তৃণমূলের মূল লক্ষ্য এখন বিজেপির বিরুদ্ধে লড়াইকে আরও তীব্র করা। তিনি বলেন, দলের কঠিন সময়ে যারা সরে যেতে চান, তাদের নিয়ে দল চিন্তিত নয়। বরং আদর্শনিষ্ঠ কর্মীদের নিয়েই সামনে এগোবে তৃণমূল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় পর্যায়ে বিরোধী রাজনীতিকে আবার সক্রিয় করতেই নতুন উদ্যোগ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিবিরোধী ভোট যাতে বিভক্ত না হয় এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে একক অবস্থান তৈরি করা যায়, সেটিই এই বৈঠকের প্রধান উদ্দেশ্য হতে পারে।
তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিজেপির দাবি, বিরোধী জোটের ভেতরেই এখন বড় ধরনের মতপার্থক্য রয়েছে। বিশেষ করে কংগ্রেস ও তৃণমূলের সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠছে।
অন্যদিকে তৃণমূল নেতারা বলছেন, রাজনৈতিক মতভেদ থাকলেও বিজেপির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলা এখন সময়ের দাবি।
পর্যবেক্ষকদের মতে, জুনের এই বৈঠক শুধু আনুষ্ঠানিক রাজনৈতিক আলোচনা নয়; বরং আগামী জাতীয় রাজনীতির গতিপথ নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।