ভারত–রাশিয়ার দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব নতুন গতি পেতে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার নয়াদিল্লি সফরে আসছেন বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে। দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি–সংক্রান্ত সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই দিনের এই সম্মেলনে […]
ভারত–রাশিয়ার দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব নতুন গতি পেতে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার নয়াদিল্লি সফরে আসছেন বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে। দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি–সংক্রান্ত সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই দিনের এই সম্মেলনে প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি, জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি এবং বাণিজ্যসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন খাত নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ গুরুত্ব পাবে আঞ্চলিক নিরাপত্তা ও পরবর্তী প্রজন্মের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সম্ভাবনা রয়েছে, আলোচনায় রাশিয়ার আধুনিক এস-৫০০ প্রতিরক্ষা প্রযুক্তিও উঠে আসবে।
সাম্প্রতিক মাসগুলোতে ভারতের প্রতিরক্ষায় রাশিয়ার প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে আলোচনায় আসে—বিশেষত মে মাসে পাকিস্তানের ড্রোন হামলা প্রতিহত করতে ভারত যে এস-৪০০ ব্যবস্থা ব্যবহার করে, তা দুই দেশের সামরিক সহযোগিতার দৃঢ়তার দিকেই ইঙ্গিত করে।
রুশ প্রেসিডেন্টের সফরকে কেন্দ্র করে দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাঁচ স্তরের এই নিরাপত্তাবলয়ে অংশ নিচ্ছে রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস, ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি), স্নাইপার টিম, বিশেষ ড্রোন ইউনিট, জ্যামার এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি ব্যবস্থা।
বুধবার থেকেই দিল্লিতে অবস্থান করছে রুশ নিরাপত্তা বাহিনীর বিশেষ প্রশিক্ষিত সদস্যরা। পুতিনের গাড়িবহর চলাচলের নির্দিষ্ট রুটে ভারতের এনএসজি, দিল্লি পুলিশ এবং রাশিয়ার নিরাপত্তা টিম যৌথভাবে দায়িত্ব পালন করবে। প্রতিটি পর্যায়ে কন্ট্রোল রুমের সঙ্গে সমন্বয় থাকবে, আর যে হোটেলে পুতিন অবস্থান করবেন, তা ইতোমধ্যেই একাধিকবার তল্লাশি করা হয়েছে।
পুতিনের বহরে থাকবে অতি সুরক্ষিত ‘অরাস সেনাট’ লিমুজিন—যা রাশিয়ার রাষ্ট্রীয় ‘কোর্তেজ’ প্রকল্পের অংশ এবং ‘চাকার ওপর দুর্গ’ হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নৈশভোজে অংশ নেবেন পুতিন। শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠিত হবে এবং এরপর তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। পরে হায়দরাবাদ হাউসে মূল সম্মেলনে যোগ দেবেন এবং দিনের শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত ভোজসভায় অংশ নেবেন।
সূত্র: এনডিটিভি