মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে ভারতে পৌঁছেছেন। পাঁচ দিনের এই সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি […]
ছবি: সংগৃহীত
মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে ভারতে পৌঁছেছেন। পাঁচ দিনের এই সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ের কর্মসূচি রয়েছে মিন অং হ্লাইংয়ের।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, মিয়ানমারের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। তিনি বলেন, এই সফর দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের পারস্পরিক সম্পর্কের প্রতিফলন।
সোমবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠকের পর মিন অং হ্লাইং মুম্বাই সফর করবেন। সফরের অন্যতম লক্ষ্য হচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখা।
ভারতের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারত ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১৯৫ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। দুই দেশই এই সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহী।
উল্লেখ্য, সামরিক শাসনের প্রায় পাঁচ বছর পর গত এপ্রিলে মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এর মাধ্যমে তিনি বেসামরিক পদে অধিষ্ঠিত হলেও দেশটির শীর্ষ নেতৃত্বে নিজের অবস্থান বজায় রাখেন। তার শপথগ্রহণ অনুষ্ঠানে চীন, ভারত, থাইল্যান্ডসহ ২০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সূত্র: ইত্তেফাক, এএফপি।