ওমান উপসাগরে অবস্থানরত দুটি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ‘সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপের দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর মার্কিন যুদ্ধজাহাজ দুটি ওই এলাকা ত্যাগ করতে বাধ্য হয়। শুক্রবার (৫ জুন) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে জানায়, ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ারের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে […]
ওমান উপসাগরে অবস্থানরত দুটি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ‘সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপের দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর মার্কিন যুদ্ধজাহাজ দুটি ওই এলাকা ত্যাগ করতে বাধ্য হয়।
শুক্রবার (৫ জুন) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে জানায়, ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ারের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষেপণাস্ত্র ছুড়ে।
ইরানি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কথিত হয়রানি, সামুদ্রিক অসদাচরণ এবং জাহাজ জব্দের প্রচেষ্টার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর মার্কিন যুদ্ধজাহাজ দুটি ওমান উপসাগর ত্যাগ করে।
তবে ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এক প্রতিক্রিয়ায় সেন্টকম জানায়, মার্কিন নৌবাহিনীর কোনো যুদ্ধজাহাজের ওপর হামলা বা গুলি চালানোর ঘটনা ঘটেনি।
সেন্টকমের ভাষ্য, এ ধরনের কোনো ঘটনা ঘটলে তা বিদ্যমান যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হতো। একইসঙ্গে তারা জানায়, মার্কিন বাহিনী আঞ্চলিক জলসীমায় স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রেখেছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বিভিন্ন ইস্যুতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, ওমান উপসাগরকে ঘিরে সর্বশেষ এই পরস্পরবিরোধী দাবি আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
সূত্র: এএফপি