সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৪০ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারি ২০২৬

মার্কিন সুপ্রিম কোর্টে ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক নীতি অবৈধ ঘোষণা

মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা ব্যাপকভিত্তিক বিশ্বব্যাপী শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেওয়া এই রায়কে ট্রাম্পের অর্থনৈতিক এজেন্ডার জন্য বড় ধরনের রাজনৈতিক ও নীতিগত ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপির। সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারকদের নিয়ে গঠিত সর্বোচ্চ আদালত ৬-৩ ভোটে এই রায় প্রদান করে। আদালত বলেন, ‘ইন্টারন্যাশনাল […]

মার্কিন সুপ্রিম কোর্টে ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক নীতি অবৈধ ঘোষণা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা ব্যাপকভিত্তিক বিশ্বব্যাপী শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেওয়া এই রায়কে ট্রাম্পের অর্থনৈতিক এজেন্ডার জন্য বড় ধরনের রাজনৈতিক ও নীতিগত ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপির।

সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারকদের নিয়ে গঠিত সর্বোচ্চ আদালত ৬-৩ ভোটে এই রায় প্রদান করে। আদালত বলেন, ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট’ (আইইইপিএ) নামক জরুরি ক্ষমতা আইন প্রেসিডেন্টকে এ ধরনের সার্বিক শুল্ক আরোপের ক্ষমতা দেয় না।

তবে এই রায়ের ফলে স্টিল, অ্যালুমিনিয়ামসহ নির্দিষ্ট কয়েকটি খাতে ট্রাম্প প্রশাসনের পৃথকভাবে আরোপিত শুল্ক বহাল থাকবে। আদালত আরও উল্লেখ করেছে, সরকারের বিভিন্ন তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, যার ভিত্তিতে ভবিষ্যতে খাতভিত্তিক নতুন শুল্ক আরোপ হতে পারে। তবুও, গত বছর হোয়াইট হাউসে ফেরার পর এটি সুপ্রিম কোর্টে ট্রাম্পের সবচেয়ে বড় পরাজয় হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আলোচনায় চাপ সৃষ্টি এবং দরকষাকষির কৌশল হিসেবে শুল্ক নীতির ওপর নির্ভর করে আসছিলেন। দ্বিতীয় মেয়াদে তিনি জরুরি অর্থনৈতিক ক্ষমতার নজিরবিহীন প্রয়োগ ঘটিয়ে প্রায় সব মার্কিন বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের উদ্যোগ নেন।

এই নীতির আওতায় ওয়াশিংটনের দৃষ্টিতে অন্যায্য বাণিজ্য আচরণের বিরুদ্ধে তথাকথিত ‘পারস্পরিক শুল্ক’ আরোপ করা হয়। একই সঙ্গে অবৈধ মাদক চোরাচালান ও অভিবাসন ইস্যুকে সামনে রেখে মেক্সিকো, কানাডা ও চীনের ওপরও বাড়তি শুল্ক চাপানো হয়।

রায়ে আদালত বলেন, “কংগ্রেস যদি আইইইপিএ আইনের মাধ্যমে শুল্ক আরোপের মতো সুনির্দিষ্ট ও অসাধারণ ক্ষমতা দিতে চাইত, তবে অন্যান্য শুল্ক আইনগুলোর মতো এখানেও তা স্পষ্টভাবে উল্লেখ করত।” সুপ্রিম কোর্টের তিনজন উদারপন্থি বিচারক রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠের সঙ্গে একমত হয়ে এই রায় দেন। ফলে নিম্ন আদালতের সেই সিদ্ধান্তই বহাল থাকে, যেখানে ট্রাম্পের আরোপিত শুল্ককে অবৈধ বলা হয়েছিল।

তবে রক্ষণশীল বিচারক ব্রেট কাভানো, ক্ল্যারেন্স থমাস এবং স্যামুয়েল আলিটো এই রায়ের বিপক্ষে ভিন্নমত পোষণ করেন।

প্রধান বিচারপতি জন রবার্টস তাঁর মতামতে বলেন, “আইইইপিএ আইনে শুল্ক বা কর আরোপের বিষয়ে কোনো স্পষ্ট বিধান নেই।”

এর আগে গত মে মাসে একটি নিম্ন বাণিজ্য আদালত রায় দিয়েছিল, ট্রাম্প ব্যাপকভাবে শুল্ক আরোপ করে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং সেই সিদ্ধান্তের বড় অংশ কার্যকর করতে নিষেধাজ্ঞা দিয়েছিল। সরকারের আপিলের কারণে এতদিন সেই রায় স্থগিত ছিল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ