প্রতি বছর ১ মে এলে শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিয়ে নানা আলোচনা হয়। রাষ্ট্র, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে দেশের বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষের জীবনযাত্রায় তেমন পরিবর্তন আসে না। কুড়িগ্রামে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করা কয়েকজন নারী-পুরুষের সঙ্গে কথা বলে জানা যায়, একই ধরনের কাজ করলেও নারী শ্রমিকরা […]
প্রতি বছর ১ মে এলে শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিয়ে নানা আলোচনা হয়। রাষ্ট্র, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে দেশের বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষের জীবনযাত্রায় তেমন পরিবর্তন আসে না।
কুড়িগ্রামে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করা কয়েকজন নারী-পুরুষের সঙ্গে কথা বলে জানা যায়, একই ধরনের কাজ করলেও নারী শ্রমিকরা পুরুষদের তুলনায় কম মজুরি পান। এক নারী শ্রমিক জানান, তাদের দৈনিক মজুরি ৪০০ টাকা, যেখানে পুরুষ শ্রমিকরা পান ৫০০ টাকা। অথচ কাজের পরিমাণে তেমন পার্থক্য নেই।
শুধু নির্মাণখাত নয়, বিভিন্ন পেশাতেও বৈষম্যের অভিযোগ রয়েছে। খালেদা নামের এক সিনিয়র সেবিকা দীর্ঘ অভিজ্ঞতা থাকা সত্ত্বেও নতুন নিয়োগ পাওয়া অন্যদের তুলনায় কম বেতন পেতেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে সামান্য বেতন বাড়ানো হলেও পরে চাকরিই হারাতে হয় তাকে।
একইভাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত নারীদের অনেকেই মাতৃত্বকালীন ছুটি ও চাকরির নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় থাকেন। দিলারা নামের এক শিক্ষিকা ছুটির পর চাকরিতে ফিরতে পারলেও সেই সময়ের বেতন পাননি। অন্যদিকে তামান্না নামে আরেক কর্মী সন্তান জন্মের পর আর চাকরিতে ফিরতে পারেননি।
মানবাধিকারকর্মীরা বলছেন, দেশে শ্রম আইন থাকলেও তার বাস্তব প্রয়োগ খুব সীমিত। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খানের মতে, শ্রমিকের মজুরি, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, কর্মঘণ্টা, ক্ষতিপূরণ ও ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার—সবই শ্রম আইনের অন্তর্ভুক্ত। কিন্তু বাস্তবে অধিকাংশ শ্রমিক এসব অধিকার থেকে বঞ্চিত হন।
১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্য দিয়েই মে দিবসের সূচনা। সেই আন্দোলনে বহু শ্রমিক নিহত হন। পরে শ্রমিকদের দাবির মুখে মালিকপক্ষ নতি স্বীকার করতে বাধ্য হয় এবং বিশ্বজুড়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হতে থাকে।
তবে এক শতাব্দীর বেশি সময় পেরিয়ে গেলেও এখনো বহু শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। শ্রমিক নেতারা বলছেন, শুধু দিবস পালন নয়, শ্রম আইন কার্যকর বাস্তবায়নই শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের মূল শর্ত।