ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে এবার রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে তরুণদের অনলাইনভিত্তিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতে ফেরার ঘোষণা দিয়েছেন এবং তরুণদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ইউএস নিউজ। মাত্র কয়েক দিনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই সংগঠনটি […]
ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে এবার রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে তরুণদের অনলাইনভিত্তিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতে ফেরার ঘোষণা দিয়েছেন এবং তরুণদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ইউএস নিউজ।
মাত্র কয়েক দিনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই সংগঠনটি ভারতের তরুণ সমাজে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিশেষ করে বেকারত্ব, মূল্যস্ফীতি, প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ তরুণদের বড় একটি অংশ সিজেপির প্রতি সমর্থন জানাচ্ছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিজিৎ দিপকে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, “শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আমি ভারতে ফিরছি।” একইসঙ্গে তিনি দিল্লিতে শান্তিপূর্ণ বিক্ষোভে যোগ দিতে তরুণদের আহ্বান জানিয়ে বলেন, “সরকারের জবাবদিহি নিশ্চিত করা আমাদের সাংবিধানিক অধিকার।”
দিপকের দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে প্রায় আট লাখ শিক্ষার্থী একটি আবেদনে স্বাক্ষর করেছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকার বা শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
বিশ্লেষকদের মতে, মোদির দীর্ঘ শাসনামলে অনলাইনভিত্তিক বিরোধী আন্দোলনগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত বিস্তার লাভ করা প্ল্যাটফর্মগুলোর একটি হয়ে উঠেছে সিজেপি। সাম্প্রতিক সময়ে জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট এবং ইরান যুদ্ধের প্রভাব নিয়ে জনমনে বাড়তে থাকা অসন্তোষও এই সংগঠনের জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
‘ককরোচ জনতা পার্টি’ নামটির পেছনেও রয়েছে বিতর্কিত একটি ঘটনা। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এক বক্তব্যে কিছু বেকার তরুণকে ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করেছিলেন। পরে অবশ্য তিনি দাবি করেন, মন্তব্যটি ভুয়া ও জাল ডিগ্রিধারীদের উদ্দেশে ছিল। তবে সেই মন্তব্য ঘিরেই ‘ককরোচ’ নামটি ব্যবহার করে সংগঠনটি আত্মপ্রকাশ করে। বর্তমানে ইনস্টাগ্রামে তাদের অনুসারী সংখ্যা ২ কোটি ২০ লাখের বেশি।
অভিজিৎ দিপকে জানিয়েছেন, ভারতে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে—এমন আশঙ্কায় তার পরিবার ও বন্ধুরা উদ্বিগ্ন। তবে তিনি বলেন, “আর কতদিন ভয় নিয়ে বাঁচব?”
এদিকে ভারত সরকার ইতোমধ্যে সিজেপির এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। পাশাপাশি দিপকের অভিযোগ, অজ্ঞাত হ্যাকাররা তাদের ইনস্টাগ্রাম পেজের নিয়ন্ত্রণ নেওয়ারও চেষ্টা করেছে।
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, সিজেপি পাকিস্তান ও ‘ভারতবিরোধী গোষ্ঠী’র সহায়তায় সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল হওয়ায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে এবার পুনঃপরীক্ষার প্রশ্নপত্র ডাক বিভাগের বদলে ভারতীয় বিমানবাহিনীর মাধ্যমে পরিবহনের পরিকল্পনা করছে সরকার।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে গত বছর বেকারত্বের হার ছিল ৯ দশমিক ৯ শতাংশ, যা দেশের সামগ্রিক বেকারত্ব হারের তুলনায় তিন গুণেরও বেশি।