মহিমান্বিত রজনী লাইলাতুল বরাত তথা পবিত্র শবে বরাত যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে। এ উপলক্ষে সারাদেশের মসজিদে মসজিদে দোয়া মাহফিল, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসল্লিরা সব বয়স নির্বিশেষে ইবাদত-বন্দেগির মাধ্যমে এই পবিত্র রজনী অতিবাহিত করছেন। শবে বরাতের এই রাতে মুসলমানরা পরম করুণাময় আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন […]
ছবি: সংগৃহীত
মহিমান্বিত রজনী লাইলাতুল বরাত তথা পবিত্র শবে বরাত যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে। এ উপলক্ষে সারাদেশের মসজিদে মসজিদে দোয়া মাহফিল, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসল্লিরা সব বয়স নির্বিশেষে ইবাদত-বন্দেগির মাধ্যমে এই পবিত্র রজনী অতিবাহিত করছেন।
শবে বরাতের এই রাতে মুসলমানরা পরম করুণাময় আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির-আজকারে মগ্ন রয়েছেন। অনেকে নফল রোজা পালন করেছেন এবং দান-খয়রাতের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা, ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হচ্ছে।
এ রাত উপলক্ষে অনেক মুসল্লি বাবা-মা ও আত্মীয়স্বজনের কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করেন। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত এই রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ। এই পবিত্র রজনীকে গুনাহ মাফের রাত, ভাগ্য নির্ধারণের রাত এবং মুক্তির রজনী হিসেবেও অভিহিত করা হয়। একই সঙ্গে এটি মাহে রমজান আগমনেরও এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
ইসলামি বর্ণনা অনুযায়ী, এই রাতে মহান আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের প্রতি বিশেষ অনুগ্রহ বর্ষণ করেন এবং ফজর উদিত হওয়া পর্যন্ত ক্ষমা, রিজিক ও সুস্থতা প্রার্থনার আহ্বান জানান। এ কারণে অন্যান্য রাতের তুলনায় শবে বরাতের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি।
ধর্মীয় আলেমরা এ রাতে অনর্থক ঘোরাফেরা, আতশবাজি ও পটকা ফুটানো কিংবা দুনিয়াবি কাজে লিপ্ত না থেকে ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন। নফল নামাজ, কোরআন তিলাওয়াত, তওবা-ইস্তিগফার এবং একাকী কবর জিয়ারতের মাধ্যমে রাত অতিবাহিত করাকে উত্তম আমল হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া শবে বরাতের পরদিন রোজা রাখাও বিশেষ সওয়াবের কাজ বলে হাদিসে বর্ণিত রয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, শাবান মাসের মধ্যবর্তী রাতে ইবাদতের মাধ্যমে জাগরণ করা এবং পরদিন রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল।