ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রায় ৭০ লাখ বেসামরিক ইরানি প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় এবং বিদেশি আগ্রাসন মোকাবিলায় এসব নাগরিক প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়েছেন। গালিবাফের ভাষ্য, দেশজুড়ে দ্রুত বিস্তৃত একটি জাতীয় […]
ছবি: সংগৃহীত
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রায় ৭০ লাখ বেসামরিক ইরানি প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় এবং বিদেশি আগ্রাসন মোকাবিলায় এসব নাগরিক প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়েছেন।
গালিবাফের ভাষ্য, দেশজুড়ে দ্রুত বিস্তৃত একটি জাতীয় প্রতিরোধ উদ্যোগের মাধ্যমে বিপুলসংখ্যক মানুষ স্বেচ্ছায় এগিয়ে এসেছে। তারা প্রয়োজনে অস্ত্র হাতে দেশের প্রতিরক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি জানিয়েছে বলেও দাবি করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে এই সংখ্যা নিয়ে আলোচনা চললেও প্রথমবারের মতো কোনো উচ্চপদস্থ ইরানি কর্মকর্তা বিষয়টি প্রকাশ্যে উল্লেখ করলেন।
তবে ৭০ লাখের এই পরিসংখ্যানের উৎস সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে জনসমর্থন ও প্রতিরোধ সক্ষমতার বার্তা দিতেই এই বক্তব্য এসেছে।
একই সময়ে ইরানের পক্ষ থেকে জনগণকে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। অবসরপ্রাপ্ত সেনাসদস্যদেরও আগ্রহ প্রকাশ করতে উৎসাহিত করা হচ্ছে।
অন্যদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর স্বেচ্ছাসেবী শাখা বাসিজ নতুন সদস্য অন্তর্ভুক্তির কার্যক্রম জোরদার করেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এর জবাবে ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনো দেশটির প্রকৃত সামরিক সক্ষমতা পুরোপুরি বুঝতে পারেনি।
তিনি সতর্ক করে বলেন, চলমান হামলার জবাবে সামনে আরও বিস্তৃত ও কঠোর প্রতিক্রিয়া আসতে পারে। একই সঙ্গে ইরানের অস্ত্রভাণ্ডার ক্ষয়প্রাপ্ত হয়েছে—এমন দাবি প্রত্যাখ্যান করে তিনি বলেন, দেশটির সামরিক উৎপাদন ও সক্ষমতা এখনো শক্ত অবস্থানে রয়েছে।