সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৫:০২ অপরাহ্ন, ৩১ আগস্ট ২০২৬

রংপুরে চার খুন: হত্যার আগে-পরে  ৮০ বার ফোনালাপ হয় আসামিদের

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় নতুন তথ্য পেয়েছে পুলিশ। তদন্তে পাওয়া কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) বিশ্লেষণে দেখা গেছে, হত্যাকাণ্ডের আগে ও পরে ৮০ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস পরস্পরের সঙ্গে মোট ৮০ বার ফোনে কথা বলেছেন। পুলিশের দাবি, ঘটনার আগে ও পরে […]

রংপুরে চার খুন: হত্যার আগে-পরে  ৮০ বার ফোনালাপ হয় আসামিদের
জেলা প্রতিনিধি
৩ মিনিটে পড়ুন |

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় নতুন তথ্য পেয়েছে পুলিশ। তদন্তে পাওয়া কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) বিশ্লেষণে দেখা গেছে, হত্যাকাণ্ডের আগে ও পরে ৮০ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস পরস্পরের সঙ্গে মোট ৮০ বার ফোনে কথা বলেছেন।

পুলিশের দাবি, ঘটনার আগে ও পরে দুই আসামির মধ্যে প্রায় প্রতি ঘণ্টায় একবার করে ফোনালাপের তথ্য পাওয়া গেছে। অস্বাভাবিক মাত্রার এই যোগাযোগের বিষয়টি হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত হওয়ার সম্ভাবনাকে জোরালো করছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনার সনাতন চক্রবর্তী। তিনি জানান, হত্যাকাণ্ডের আগের ও পরের সময়ের কল রেকর্ড পর্যালোচনা করে দুই আসামির মধ্যে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। এত ঘন ঘন ফোনে কথা বলা স্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

গ্রেপ্তার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস সম্পর্কে চাচাতো ভাই।

ডোপ টেস্টে মাদক মেলেনি

এদিকে আলোচিত হত্যাকাণ্ডের আগে ও পরে বাড়ির ছাদে বসে নয়টি ইয়াবা সেবনের কথা স্বীকার করেছিলেন আসামিরা। তবে পরে করা ডোপ টেস্টে তাদের শরীরে কোনো মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি।

ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, আদালতের নির্দেশে রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে আসামিদের প্রস্রাবের নমুনা সংগ্রহ করা হয়। পরে সেই নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে তাদের শরীরে কোনো মাদক শনাক্ত হয়নি।

চিকিৎসাবিশেষজ্ঞদের মতে, ইয়াবায় থাকা অ্যামফিটামিন বা মেথামফেটামিনজাতীয় উপাদান মানবদেহে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর পরীক্ষায় আর ধরা নাও পড়তে পারে।

রিমান্ড আবেদন নামঞ্জুর, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

মামলার অধিকতর তদন্তের স্বার্থে গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। তবে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত পুলিশের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।

এর পরিবর্তে আসামিদের দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। সোমবার বিকেলে রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এই আদেশ দেন। আদেশ অনুযায়ী, প্রতিদিন তিন ঘণ্টা করে তাদের জিজ্ঞাসাবাদ করা যাবে।

যেভাবে প্রকাশ্যে আসে চার হত্যার ঘটনা

গত ২২ আগস্ট রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজেদের বাড়ি থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

পরে মামলাটির তদন্তভার কোতোয়ালি থানা থেকে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়। এরপর ডিবির পরিদর্শক জিন্নাত আলীকে মামলাটির নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

তদন্তের অগ্রগতির মধ্যে দুই আসামির পারস্পরিক যোগাযোগের কল রেকর্ড এবং ডোপ টেস্টের ফলাফল সামনে এসেছে। হত্যাকাণ্ডের আগে ও পরে তাদের মধ্যে ৮০ ঘণ্টায় ৮০ বার ফোনালাপের তথ্য পাওয়ায় ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল কি না, তা নিয়ে তদন্তে গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ