সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৪:২০ অপরাহ্ন, ২ জুলাই ২০২৬

শুধু মানুষ নয়, প্রাণীদের জন্যেও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

ধর্ম, বর্ণ ও পরিচয়ের ভিন্নতা ভুলে দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি নিরাপদ, সম্প্রীতিপূর্ণ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মানুষের পাশাপাশি প্রাণীদের প্রতিও সহিংসতা ও নিষ্ঠুরতা রোধে সরকার সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি সহমর্মিতাভিত্তিক সমাজ গঠনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে […]

শুধু মানুষ নয়, প্রাণীদের জন্যেও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

ধর্ম, বর্ণ ও পরিচয়ের ভিন্নতা ভুলে দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি নিরাপদ, সম্প্রীতিপূর্ণ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মানুষের পাশাপাশি প্রাণীদের প্রতিও সহিংসতা ও নিষ্ঠুরতা রোধে সরকার সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি সহমর্মিতাভিত্তিক সমাজ গঠনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত, দর্শন এবং মানবিক চেতনাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট ও বিশেষ লোগোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে কিছু অপশক্তি সমাজে বিভাজন ও বিভ্রান্তি তৈরির চেষ্টা করলেও সম্প্রীতি, সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধাবোধই বাংলাদেশের মানুষের চিরায়ত ঐতিহ্য। সেই ঐতিহ্য ও মূল্যবোধকে ধারণ করেই সরকার এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চায়, যেখানে প্রত্যেক নাগরিক নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে বসবাস করতে পারবেন।

তিনি বলেন, নিরাপত্তা শুধু মানুষের জন্য সীমাবদ্ধ নয়। প্রকৃতি, পরিবেশ ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল আচরণও একটি সভ্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সে কারণে প্রাণীদের প্রতি সহিংসতা, নির্যাতন ও অমানবিক আচরণ প্রতিরোধেও সরকার গুরুত্ব দিচ্ছে।

তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ নতুন প্রজন্মের জন্য যেমন জ্ঞান ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে, তেমনি কিছু ক্ষেত্রে মূল্যবোধের সংকটও তৈরি করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এমন বাস্তবতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, বিশেষ করে শিশু-কিশোরদের জন্য লেখা কবিতা, ছড়া ও গান নতুন প্রজন্মকে মানবিকতা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষা দিতে পারে।

তারেক রহমান বলেন, নজরুলকে শুধুমাত্র সরকারি অনুষ্ঠান কিংবা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তার সাহিত্য, জীবনদর্শন, সাম্যবাদী চেতনা এবং মানবিক মূল্যবোধকে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে নজরুলের কবিতা ও গান মানুষের সাহস ও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। অতীতের মতো বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছেও জাতীয় কবি সমানভাবে প্রাসঙ্গিক হয়ে থাকবেন।

প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের সঙ্গে নজরুলের জীবন ও কর্মের সম্পর্ক আরও গভীর ও অর্থবহ করে তুলতেই বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত সরকারি কর্মকর্তা, নজরুল গবেষক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, উদ্বোধনী আয়োজনটি আরও ব্যতিক্রমধর্মী ও সৃজনশীলভাবে আয়োজন করা গেলে ভালো হতো। জাতীয় কবির আদর্শ ও সৃষ্টিকে আরও বিস্তৃত পরিসরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নতুন নতুন উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান, কবি নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নজরুল গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন এবং দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে সারা বছরজুড়ে জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক এবং গবেষণাভিত্তিক কর্মসূচি আয়োজন করা হবে, যাতে নতুন প্রজন্ম জাতীয় কবির জীবন, দর্শন ও সৃষ্টির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পায়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ