সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৩২ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫

সুদানের দক্ষিণ করদোফানে গোলাবর্ষণে নিহত ১৬, বাড়ছে বেসামরিক প্রাণহানি

যুদ্ধবিধ্বস্ত সুদানের দক্ষিণ করদোফান প্রদেশের ডিলিং শহরে কামানের গোলাবর্ষণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। চলমান গৃহযুদ্ধের মধ্যে এই হামলায় নারী, শিশু ও প্রবীণসহ বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সুদানের একটি মেডিক্যাল পর্যবেক্ষণ সংস্থা ‘সুদান ডক্টরস নেটওয়ার্ক’ এক বিবৃতিতে এ তথ্য জানায়। সংস্থাটি জানায়, গত দুই দিন ধরে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং তাদের […]

সুদানের দক্ষিণ করদোফানে গোলাবর্ষণে নিহত ১৬, বাড়ছে বেসামরিক প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুদ্ধবিধ্বস্ত সুদানের দক্ষিণ করদোফান প্রদেশের ডিলিং শহরে কামানের গোলাবর্ষণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। চলমান গৃহযুদ্ধের মধ্যে এই হামলায় নারী, শিশু ও প্রবীণসহ বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সুদানের একটি মেডিক্যাল পর্যবেক্ষণ সংস্থা ‘সুদান ডক্টরস নেটওয়ার্ক’ এক বিবৃতিতে এ তথ্য জানায়। সংস্থাটি জানায়, গত দুই দিন ধরে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং তাদের মিত্র সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট–নর্থ (এসপিএলএম-নর্থ) দক্ষিণ করদোফানের ডিলিং শহরের আবাসিক এলাকায় ভারী গোলাবর্ষণ চালিয়েছে।

হামলার নিন্দা জানিয়ে সংস্থাটি বলেছে, বেসামরিক জনগোষ্ঠীকে সুপরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে নারী, শিশু ও প্রবীণসহ আরও অনেকে নিহত হয়েছেন বলে তারা জানিয়েছে।

ডিলিং শহরের ওপর এই হামলাকে করদোফানজুড়ে ক্রমবর্ধমান সহিংসতার অংশ হিসেবে উল্লেখ করেছে সুদান ডক্টরস নেটওয়ার্ক। সংস্থাটির তথ্য অনুযায়ী, ডিসেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত করদোফান অঞ্চলে বিভিন্ন হামলায় ১০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, সুদানের যুদ্ধ ধীরে ধীরে পশ্চিম দারফুর অঞ্চল থেকে কৌশলগতভাবে দেশের মধ্যাঞ্চলে স্থানান্তরিত হচ্ছে, যা সংঘাতের গতিপ্রকৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সুদান ডক্টরস নেটওয়ার্ক আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, উভয় সশস্ত্র গোষ্ঠীর ওপর চাপ সৃষ্টি করে অবিলম্বে বেসামরিক এলাকায় হামলা বন্ধ করতে হবে এবং যুদ্ধের মধ্যে আটকা পড়া মানুষের কাছে জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।

এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, গত অক্টোবরের শেষ দিকে আরএসএফ একটি গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি দখল করার পর করদোফান অঞ্চলে সামরিক অভিযান আরও জোরদার হয়। এর ফলে করদোফানের তিনটি রাজ্যজুড়ে সহিংসতা বাড়ে এবং ৫০ হাজারেরও বেশি মানুষ এলাকা ছেড়ে পালাতে বাধ্য হন। শুধু ডিলিং শহর থেকেই এই সময়ে প্রায় ৭১০ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এর আগে, গত ১৩ ডিসেম্বর করদোফান প্রদেশের রাজধানী কাদুগলিতে ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে সুদানের সশস্ত্র বাহিনীর (এসএএফ) প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার সাবেক উপপ্রধান, আরএসএফ নেতা মোহাম্মদ হামদান ‘হেমেদতি’ দাগালোর মধ্যে সংঘাত শুরু হয়। পর্যবেক্ষকদের মতে, এই সংঘাতে এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় এক কোটি ৪০ লাখ মানুষ।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ