পবিত্র কোরআনের নির্দেশনা অনুসরণ করে পরিবেশ, প্রকৃতি ও আল্লাহর সৃষ্টির যথাযথ যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মানুষের কল্যাণে সৃষ্টি করা পৃথিবীর সবকিছুর সুরক্ষা ও পরিচর্যা করা মানবসমাজের দায়িত্ব। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে […]
ছবি: সংগৃহীত
পবিত্র কোরআনের নির্দেশনা অনুসরণ করে পরিবেশ, প্রকৃতি ও আল্লাহর সৃষ্টির যথাযথ যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মানুষের কল্যাণে সৃষ্টি করা পৃথিবীর সবকিছুর সুরক্ষা ও পরিচর্যা করা মানবসমাজের দায়িত্ব।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বক্তব্যে পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ২৯ নম্বর আয়াতের একটি অংশ উল্লেখ করে বলেন, “আল্লাহ তায়ালা বলেছেন, তিনি সেই সত্তা, যিনি পৃথিবীতে যা কিছু আছে, সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন।”
এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, নদী-নালা, গাছপালা, বন্য ও গৃহপালিত প্রাণী, কীট-পতঙ্গসহ মানুষের চারপাশের সমগ্র পরিবেশ ও প্রতিবেশ আল্লাহর সৃষ্টি এবং এগুলো মানুষের উপকারের জন্য।
তিনি বলেন, “আল্লাহর সৃষ্টির সুফল ভোগ করতে হলে মানুষেরও দায়িত্ব রয়েছে। যথাযথভাবে পরিবেশ সংরক্ষণ, প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং সব সৃষ্টির যত্ন ও পরিচর্যা করা মানবসমাজের কর্তব্য।”
প্রধানমন্ত্রী আরও বলেন, আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে, ইকোসিস্টেম বা পরিবেশগত ভারসাম্যের সঙ্গে মানবজীবনের সম্পর্ক অত্যন্ত গভীর ও অবিচ্ছেদ্য। একটি নিরাপদ ও সুস্থ পরিবেশ ছাড়া মানুষের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
তিনি বলেন, পরিবেশ রক্ষা শুধু একটি সরকারি কর্মসূচি নয়, এটি নৈতিক ও সামাজিক দায়িত্ব। তাই বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।