সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৪৪ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫

সোমালিল্যান্ডকে ইসরাইলের স্বীকৃতি ‘রাষ্ট্রীয় আগ্রাসন’: তীব্র প্রতিবাদ সোমালিয়ার

সোমালিল্যান্ডকে ইসরাইলের আনুষ্ঠানিক স্বীকৃতিকে ‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে সোমালিয়া। দেশটির সরকার বলেছে, এই সিদ্ধান্ত সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ, যা কখনোই মেনে নেওয়া হবে না। শনিবার (২৭ ডিসেম্বর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমালিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলী ওমর আল জাজি বলেন, ‘ইসরাইলের এই পদক্ষেপ সোমালিয়ার অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন […]

সোমালিল্যান্ডকে ইসরাইলের স্বীকৃতি ‘রাষ্ট্রীয় আগ্রাসন’: তীব্র প্রতিবাদ সোমালিয়ার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সোমালিল্যান্ডকে ইসরাইলের আনুষ্ঠানিক স্বীকৃতিকে ‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে সোমালিয়া। দেশটির সরকার বলেছে, এই সিদ্ধান্ত সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ, যা কখনোই মেনে নেওয়া হবে না।

শনিবার (২৭ ডিসেম্বর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমালিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলী ওমর আল জাজি বলেন, ‘ইসরাইলের এই পদক্ষেপ সোমালিয়ার অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ। সরকার এই রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে সব ধরনের কূটনৈতিক পথ অবলম্বন করবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের সরকার ও জনগণের কাছে এই সিদ্ধান্ত কখনোই গ্রহণযোগ্য নয়।’

আলী ওমর আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে ইসরাইলকে এই ‘বিভেদ সৃষ্টিকারী’ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

১৯৯১ সালে সোমালিয়া থেকে আলাদা হয়ে সোমালিল্যান্ড একতরফাভাবে স্বাধীনতার ঘোষণা দেয়। এরপর থেকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রচেষ্টা চালিয়ে এলেও এতদিন জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্র সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়নি। তবে গত বছর আবদি রহমান মোহামেদ আবদুল্লাহি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ইসরাইল বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে একটি ‘সার্বভৌম রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দেয়। একই দিনে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র ঘোষণা দেন, সোমালিল্যান্ডের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের একটি চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায় উভয় দেশ একে অপরের দেশে রাষ্ট্রদূত নিয়োগ ও দূতাবাস স্থাপনে সম্মত হয়েছে।

ইসরাইলের এই স্বীকৃতিকে ঘিরে আফ্রিকান ও আরব বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আফ্রিকান ইউনিয়ন (এইউ) এবং একাধিক আরব দেশ এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, এটি ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার ইসরাইলি পরিকল্পনার বৃহত্তর কৌশলের অংশ হতে পারে।

আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহমুদ আলি ইউসুফ এক বিবৃতিতে বলেন, ‘সোমালিল্যান্ডকে একটি স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়ার যেকোনো উদ্যোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। সোমালিল্যান্ড সোমালিয়া ফেডারেল প্রজাতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ।’

বিবৃতিতে আরও বলা হয়, সোমালিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা ক্ষুণ্ন করার যেকোনো প্রচেষ্টা আফ্রিকান ইউনিয়নের মৌলিক নীতির পরিপন্থি এবং এটি গোটা মহাদেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ