মধ্যপ্রাচ্যে দ্রুততার সঙ্গে সামরিক শক্তি জোরদার করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন ও প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একাধিক কর্মকর্তার বরাতে জানা গেছে, এই প্রস্তুতি এমন পর্যায়ে পৌঁছেছে যে চাইলে চলতি সপ্তাহের শেষের দিকেই ইরানে হামলা চালাতে পারে ওয়াশিংটন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে কোনো চুক্তি না হলে ইরানে […]
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে দ্রুততার সঙ্গে সামরিক শক্তি জোরদার করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন ও প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একাধিক কর্মকর্তার বরাতে জানা গেছে, এই প্রস্তুতি এমন পর্যায়ে পৌঁছেছে যে চাইলে চলতি সপ্তাহের শেষের দিকেই ইরানে হামলা চালাতে পারে ওয়াশিংটন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে কোনো চুক্তি না হলে ইরানে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন তিনি।
পরিচয় প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা জানান, সম্ভাব্য হামলার ধরন বা কৌশল সম্পর্কে ট্রাম্প এখনো নির্দিষ্ট কোনো নির্দেশনা দেননি। তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশের মাত্রা বিবেচনায় নিলে, চাইলে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র–সংশ্লিষ্ট অবকাঠামো এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রগুলোতে একযোগে হামলা চালানো সম্ভব।
ইরানের পরমাণু কর্মসূচিই ট্রাম্প প্রশাসনের প্রধান উদ্বেগের বিষয়। প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার বলেছেন, তেহরানকে অবশ্যই পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়া হবে না। এ নিয়ে গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির কথা জানালেও শেষ পর্যন্ত কোনো চুক্তি হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন কর্মকর্তারা।
বৃহস্পতিবার ওয়াশিংটনে গাজা বোর্ড অব পিসের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, গত বছর ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা না চালালে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা আরও কঠিন হয়ে যেত। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে হয়তো আরও এক ধাপ এগোতে হতে পারে, আবার নাও হতে পারে। একটি চুক্তির সম্ভাবনাও রয়েছে। আগামী ১০ দিনের মধ্যেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।
পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দুই দেশের মধ্যে এ বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তবে গত বছরের জুনে ইরান–ইসরায়েল সংঘাত শুরু হলে সেই আলোচনা স্থগিত হয়ে যায়। ওই সময়ই যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।
মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্যে জানা গেছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি, একাধিক ডেস্ট্রয়ার ও ক্রুজার শ্রেণির যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং ৫০টির বেশি যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। পাশাপাশি, দ্রুততার সঙ্গে আরও জ্বালানি সরবরাহকারী ট্যাংকার বিমান পাঠানো হয়েছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের আটটি স্থায়ী সামরিক ঘাঁটি রয়েছে।
এসব ঘাঁটিতে বর্তমানে প্রায় ৩০ থেকে ৪০ হাজার মার্কিন সেনা মোতায়েন আছেন। মূলত এই ঘাঁটিগুলোর নিরাপত্তা ঝুঁকির কারণেই গত জানুয়ারিতে ইরানে বিক্ষোভ চলাকালে ট্রাম্প প্রশাসন সরাসরি হামলার সিদ্ধান্ত নিতে পারেনি। সে সময় ইরানের পাল্টা হামলায় ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।
তবে গত মাসে প্যাট্রিয়ট ও থাডের মতো আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, যা ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় সক্ষম। তবুও মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এই প্রতিরক্ষাব্যবস্থা সাময়িক সুরক্ষা দিতে পারলেও দীর্ঘমেয়াদি সংঘাতের ক্ষেত্রে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা যাবে, তা অনিশ্চিত।
এ ছাড়া গত কয়েক দিনে এফ–৩৫, এফ–২২ ও এফ–১৬ মডেলের আধুনিক যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে। বড় পরিসরে সামরিক অভিযানের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজও সেখানে মোতায়েন করা হয়েছে। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ব্যবহৃত বি–২ বোমারু বিমানগুলোকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের ইরানবিশেষজ্ঞ ভালি নাসর বলেন, আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে হামলার প্রস্তুতির জন্য সময় পাচ্ছে, অন্যদিকে ইরানও সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা সাজানোর সুযোগ নিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, শেষ পর্যন্ত যদি যুক্তরাষ্ট্র হামলা চালায়, তাহলে তার জন্য ওয়াশিংটনকে বড় ধরনের মূল্য দিতে হতে পারে—এ বিষয়টি ট্রাম্পকে গভীরভাবে বিবেচনায় রাখতে হবে।
ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই তৎপরতা বাড়িয়েছে ইসরায়েল। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের বৈঠকের মধ্যেই হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি চান, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা কমাতে যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা নিক। এমনকি কোনো যুদ্ধ শুরু হলে তাতে অংশ নিতেও প্রস্তুত ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষা সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বরাতে জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে দেশটির সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও তা রোববার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।
তাঁরা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানে হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ইসরায়েল ইতিমধ্যে একাধিক সামরিক পরিকল্পনা প্রস্তুত রেখেছে, যার মধ্যে রয়েছে কয়েক দিনের মধ্যে তীব্র হামলা চালিয়ে ইরানকে কৌশলগত ও মানসিকভাবে দুর্বল করে দেওয়া, যাতে দেশটি পরমাণু আলোচনায় ছাড় দিতে বাধ্য হয়।