সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৪:১২ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারি ২০২৬

১০ লাখের বেশি পোস্টাল ব্যালট পৌঁছেছে রিটার্নিং কর্মকর্তাদের কাছে

দেশে ও দেশের বাইরে অবস্থানরত ভোটারদের জন্য প্রথমবারের মতো আইটি–সমর্থিত পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোটগ্রহণ আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ব্যবস্থায় বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত মোট ১০ লাখ ১ হাজার ৬৯৬টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে। এর মধ্যে প্রবাসী ভোটারদের পাঠানো ব্যালট রয়েছে ৪ লাখ ৬৬ হাজার ২৪৩টি। পোস্টাল […]

১০ লাখের বেশি পোস্টাল ব্যালট পৌঁছেছে রিটার্নিং কর্মকর্তাদের কাছে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

দেশে ও দেশের বাইরে অবস্থানরত ভোটারদের জন্য প্রথমবারের মতো আইটি–সমর্থিত পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোটগ্রহণ আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ব্যবস্থায় বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত মোট ১০ লাখ ১ হাজার ৬৯৬টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে। এর মধ্যে প্রবাসী ভোটারদের পাঠানো ব্যালট রয়েছে ৪ লাখ ৬৬ হাজার ২৪৩টি।

পোস্টাল ব্যালটে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনাকারী ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের দলনেতা সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসির তথ্য অনুযায়ী, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ব্যালট এসেছে সৌদি আরব থেকে, যার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৫০৫টি। আসনভিত্তিক হিসেবে সর্বোচ্চ ব্যালট জমা পড়েছে ফেনী-৩ আসনে—৮ হাজার ৪৮৬টি। সর্বশেষ হালনাগাদ তথ্যে জানা গেছে, দেশে ও প্রবাস মিলিয়ে মোট ১১ লাখ ৫৭ হাজার ৩৬৩ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন।

নিবন্ধন ও ব্যালট বিতরণ পরিস্থিতি

নির্বাচন কমিশনের তথ্যমতে, গত বছরের ডিসেম্বরে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেন। এর মধ্যে প্রবাসী ভোটার নিবন্ধন (ওসিভি) করেন ৭ লাখ ৭২ হাজার ৫৪৬ জন এবং দেশের অভ্যন্তরে বসবাসরত ভোটার নিবন্ধন (আইসিপিভি) করেন ৭ লাখ ৬১ হাজার ১৩৮ জন।

প্রবাসীদের পাঠানো পোস্টাল ভোটের চিত্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রবাসে অবস্থানরত ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়। এর মধ্যে ৫ লাখ ৪৩ হাজার ৪৯৯ জন ভোটার ব্যালট গ্রহণ করেন। ভোট দিয়েছেন ৫ লাখ ৩১ হাজার ২১৪ জন এবং পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন ৫ লাখ ২৩ হাজার ৪৯৭ জন ভোটার। তাদের পাঠানো ব্যালটের মধ্যে ৪ লাখ ৯১ হাজার ৬১৫টি বুধবার রাত পর্যন্ত বাংলাদেশে পৌঁছেছে। এসবের মধ্যে ৪ লাখ ৬৬ হাজার ২৪৩টি ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।

দেশভিত্তিক হিসাবে সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লাখ ৫৭ হাজার ৫০৫টি ব্যালট এসেছে। এ ছাড়া মালয়েশিয়া থেকে ৪৬ হাজার ৬৮০টি, কাতার থেকে ৪৫ হাজার ৯২০টি, ওমান থেকে ৪৩ হাজার ৮৬২টি, সংযুক্ত আরব আমিরাত থেকে ২৩ হাজার ২২২টি, যুক্তরাজ্য থেকে ২৩ হাজার ১৪৫টি এবং কুয়েত থেকে ৭ হাজার ৭০২টি ব্যালট পৌঁছেছে।

আসনভিত্তিক হিসাবে ফেনী-৩ আসনে ৮ হাজার ৪৮৬টি, চট্টগ্রাম-১৫ আসনে ৯ হাজার ৫৩৩টি, কুমিল্লা-১০ আসনে ৮ হাজার ১৫১টি, নোয়াখালী-১ আসনে ৭ হাজার ৪৮৫টি প্রবাসী পোস্টাল ব্যালট জমা পড়েছে।

দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটের অবস্থা

বাংলাদেশের অভ্যন্তরে তিন শ্রেণির ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। মোট ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট পাঠানো হয়। এর মধ্যে ৬ লাখ ৪৫ হাজার ৭৯৮ জন ভোটার ব্যালট গ্রহণ করেন এবং ভোট দেন ৬ লাখ ২৬ হাজার ১৪৯ জন। পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৫১০টি ব্যালট। এর মধ্যে বুধবার রাত পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন ৫ লাখ ৩৫ হাজার ৪৫৩টি ব্যালট।

জেলাভিত্তিক হিসাবে সর্বোচ্চ ৭৭ হাজার ৭১২টি পোস্টাল ব্যালট জমা পড়েছে কুমিল্লায়। ঢাকায় ৬৫ হাজার ৫১৪টি, চট্টগ্রামে ৬৩ হাজার ৭৯৬টি, নোয়াখালীতে ৪২ হাজার ৪২টি, চাঁদপুরে ৩১ হাজারটি, সিলেটে ২৮ হাজার ৬৭টি, ময়মনসিংহে ২৯ হাজার ৩১৮টি এবং টাঙ্গাইলে ২৬ হাজার ৯২১টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ