ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন ২৬ কার্যদিবস চলার পর সমাপ্ত হয়েছে। অধিবেশন চলাকালে ১০টি সরকারি বিল পাস হয়েছে এবং বাজেটের ওপর ১৪ কার্যদিবস ধরে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অধিবেশন সমাপ্তি-সংক্রান্ত ঘোষণা পাঠের মাধ্যমে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, […]
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন ২৬ কার্যদিবস চলার পর সমাপ্ত হয়েছে। অধিবেশন চলাকালে ১০টি সরকারি বিল পাস হয়েছে এবং বাজেটের ওপর ১৪ কার্যদিবস ধরে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অধিবেশন সমাপ্তি-সংক্রান্ত ঘোষণা পাঠের মাধ্যমে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, বাজেটের ওপর সাধারণ আলোচনা মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট স্থায়ী হয়। এতে ৩১৬ জন সংসদ সদস্য অংশ নেন এবং বিভিন্ন খাতের বরাদ্দ, অর্থনৈতিক পরিকল্পনা ও নীতিগত বিষয় নিয়ে বক্তব্য দেন।
অধিবেশন চলাকালে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি সংসদীয় কমিটি গঠন করা হয়। পাশাপাশি কার্য উপদেষ্টা কমিটিও পুনর্গঠন করা হয়েছে।
কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুযায়ী মোট ৭১৫টি নোটিশ জমা পড়ে। এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টি নোটিশের ওপর সংসদে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ৭১(ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ আলোচিত হয়েছে।
এ ছাড়া কার্যপ্রণালী বিধির ১৩১ অনুযায়ী উত্থাপিত চারটি সিদ্ধান্ত প্রস্তাব নিয়ে আলোচনা শেষে সেগুলোর নিষ্পত্তি করা হয়েছে।
প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর জন্য মোট ২৭৮টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর সংসদে উপস্থাপন করা হয়।
অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্দেশ্যে মোট ৫ হাজার ৩১টি প্রশ্ন জমা দেওয়া হয়। এর মধ্যে ৩ হাজার ৪৭৪টি প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে বলে সংসদ সচিবালয় জানিয়েছে।
অধিবেশনে সরকারি কার্যক্রম, বাজেট আলোচনা, আইন প্রণয়ন এবং সংসদীয় তদারকি কার্যক্রম মিলিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিষ্পত্তি হয়। বাজেট অধিবেশন শেষে পরবর্তী অধিবেশন আহ্বান না হওয়া পর্যন্ত সংসদের কার্যক্রম স্থগিত থাকবে।