সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:১৪ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬

৭০ হাজার তাঁবুতে পানি, নিরাপদ আশ্রয়হীন গাজার ৫ লাখ ৬০ হাজার শিশু

গাজায় শীতের প্রথম শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টিতে এক দিনেই ৭০ হাজারের বেশি তাঁবু প্লাবিত হয়েছে। এতে নতুন করে আশ্রয়হীন হয়ে পড়েছে হাজার হাজার বাস্তুচ্যুত পরিবার। এর মধ্যে পাঁচ লাখ ৬০ হাজারের বেশি শিশু বর্তমানে আশ্রয়ের সংকটাপন্ন বা বিপর্যয়কর পরিস্থিতিতে রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন সতর্ক করে বলেছে, প্রয়োজনীয় তাঁবু, শীতবস্ত্র ও আশ্রয় […]

৭০ হাজার তাঁবুতে পানি, নিরাপদ আশ্রয়হীন গাজার ৫ লাখ ৬০ হাজার শিশু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

গাজায় শীতের প্রথম শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টিতে এক দিনেই ৭০ হাজারের বেশি তাঁবু প্লাবিত হয়েছে। এতে নতুন করে আশ্রয়হীন হয়ে পড়েছে হাজার হাজার বাস্তুচ্যুত পরিবার। এর মধ্যে পাঁচ লাখ ৬০ হাজারের বেশি শিশু বর্তমানে আশ্রয়ের সংকটাপন্ন বা বিপর্যয়কর পরিস্থিতিতে রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন সতর্ক করে বলেছে, প্রয়োজনীয় তাঁবু, শীতবস্ত্র ও আশ্রয় উপকরণ প্রবেশে ইসরায়েলি বিধিনিষেধের কারণে এসব শিশুকে টানা চতুর্থ শীতও কাটাতে হচ্ছে ছেঁড়া তাঁবু কিংবা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে।

সংস্থাটির ১০ নভেম্বর প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় গাজায় আঘাত হানা ঝড়ে কয়েক ঘণ্টার মধ্যে ৭০ হাজারের বেশি তাঁবুতে পানি ঢুকে পড়ে। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঝড়ের কারণে যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দেয়ালও ধসে যায়। দুর্যোগের সময় বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এক হাজার ৫০০টির বেশি জরুরি সহায়তার ফোন পায়।

ঝড়ের কারণে প্রাণহানির ঘটনাও ঘটেছে। গাজার সিভিল ডিফেন্সের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, রোববার রাতে দেইর আল-বালাহ এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুর ওপর বালুর বাঁধ ধসে দুই নারী ও তিন শিশুর মৃত্যু হয়। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরও (ওসিএইচএ) পাঁচজনের মৃত্যুর তথ্য জানিয়েছে। এ ছাড়া একটি আশ্রয়শিবিরে এক শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবরও তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আশ্রয়সংকটে ১২ লাখ মানুষ

প্যালেস্টাইন শেল্টার ক্লাস্টারের সাম্প্রতিক মূল্যায়নের বরাত দিয়ে সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গাজার প্রায় ৫৮ শতাংশ মানুষ—অর্থাৎ ১২ লাখ বাসিন্দা—আশ্রয়ের সংকটাপন্ন বা বিপর্যয়কর পরিস্থিতিতে রয়েছেন। তাঁদের মধ্যে পাঁচ লাখ ৬০ হাজারের বেশি শিশু। দীর্ঘদিনের যুদ্ধ, বারবার বাস্তুচ্যুতি এবং তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ক্ষয়ক্ষতির কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।

সংস্থাটি বলেছে, এক বছরেরও বেশি আগে ঘোষিত যুদ্ধবিরতির শর্তে তাঁবুর বিকল্প হিসেবে দীর্ঘস্থায়ী আশ্রয়কেন্দ্র বা ক্যারাভান প্রবেশের কথা থাকলেও ইসরায়েলি কর্তৃপক্ষ বারবার তা আটকে দিয়েছে বলে তাদের অভিযোগ। ফলে হাজার হাজার পরিবারকে আবারও শীত, বৃষ্টি ও বন্যার ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে।

শীত থেকে বাঁচতে আবর্জনা পোড়াচ্ছে পরিবারগুলো

শেল্টার ক্লাস্টারের জরিপে অংশ নেওয়া প্রায় ৪৮ শতাংশ পরিবার জানিয়েছে, রান্নার কাজে প্লাস্টিক, পুরোনো টায়ার, আবর্জনা কিংবা কার্ডবোর্ড পোড়াতে হচ্ছে। একই জরিপে ৮৪ শতাংশ পরিবার জানিয়েছে, তাদের আশ্রয়কেন্দ্রে কার্যকর তাপের ব্যবস্থা নেই।

এসব বর্জ্য পোড়ানোর ফলে বিষাক্ত ধোঁয়া তৈরি হয়, যা শ্বাসকষ্ট, ধোঁয়াজনিত অসুস্থতা ও কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার ঝুঁকি বাড়ায়। পাশাপাশি অগ্নিকাণ্ড ও দগ্ধ হওয়ার আশঙ্কাও রয়েছে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ তাঁবুশিবিরে থাকা শিশুরা এসব ঝুঁকিতে বেশি অসহায়।

সেভ দ্য চিলড্রেনের তথ্য অনুযায়ী, গত বছর গাজায় হাইপোথার্মিয়ায়—অর্থাৎ শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ায়—১১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রয়োজনীয় সামগ্রী প্রবেশে বাধার অভিযোগ

সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, তাঁবু, ত্রিপল, প্লাস্টিকের চাদর, কম্বল, জ্বালানি, রান্নার গ্যাস, তাপ দেওয়ার সরঞ্জাম এবং ক্ষতিগ্রস্ত আশ্রয়কেন্দ্র মেরামতের নির্মাণসামগ্রী গাজায় প্রবেশেও বিধিনিষেধ রয়েছে। সংস্থাটির অভিযোগ, এসব সামগ্রী সীমান্তে আটকে থাকায় বাস্তুচ্যুত পরিবারগুলো বৃষ্টি ও ঠান্ডা থেকে নিজেদের রক্ষা করতে পারছে না।

সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও পূর্ব ইউরোপবিষয়ক আঞ্চলিক পরিচালক আহমাদ আলহেন্দি বলেন, গাজার শিশুদের দুর্ভোগ কেবল খারাপ আবহাওয়ার কারণে তৈরি হয়নি। প্রয়োজনীয় তাঁবু, আশ্রয় উপকরণ ও জ্বালানি সীমান্তে আটকে থাকায় শিশুরা বন্যার পানির মধ্যে ঘুমাতে বাধ্য হচ্ছে। তাঁর ভাষ্য, এই পরিস্থিতির মূল্য দিতে হচ্ছে শিশুদের।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরও জানিয়েছে, গাজার ভেতরে তাঁবু, ত্রিপল, কম্বল ও শীতবস্ত্রের মজুত প্রায় শেষ হয়ে এসেছে। সংস্থাটির ৮ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়, মানবিক সহায়তা সংস্থাগুলোর কেনা দেড় লাখের বেশি তাঁবু গাজার বাইরে পাঠানোর অপেক্ষায় রয়েছে। এসব সামগ্রী প্রবেশের জন্য প্রয়োজনীয় অনুমোদন ও অর্থায়ন জরুরি।

শীত আরও তীব্র হওয়ার আগে আশ্রয় উপকরণ, জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশের সুযোগ না বাড়লে গাজার বাস্তুচ্যুত পরিবারগুলোর দুর্ভোগ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে মানবিক সহায়তা সংস্থাগুলো।

সূত্র: আনাদোলু এজেন্সি, সেভ দ্য চিলড্রেন, জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ)

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ