সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:২৬ অপরাহ্ন, ১ ফেব্রুয়ারি ২০২৬

ইইউর সঙ্গে দ্রুত এফটিএ আলোচনার তাগিদ প্রধান উপদেষ্টার

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বর্তমানে ইইউর বাজারে বাংলাদেশের যে শুল্কমুক্ত সুবিধা রয়েছে, তার মেয়াদ শেষ হওয়ার পরও যেন দেশের রপ্তানি—বিশেষ করে তৈরি পোশাক—নিরবচ্ছিন্নভাবে প্রবেশাধিকার বজায় রাখতে পারে, সে জন্য এখনই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া জরুরি। […]

প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বর্তমানে ইইউর বাজারে বাংলাদেশের যে শুল্কমুক্ত সুবিধা রয়েছে, তার মেয়াদ শেষ হওয়ার পরও যেন দেশের রপ্তানি—বিশেষ করে তৈরি পোশাক—নিরবচ্ছিন্নভাবে প্রবেশাধিকার বজায় রাখতে পারে, সে জন্য এখনই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া জরুরি।

রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ইউরোপীয় চেম্বার অব কমার্স (ইউরোচেম)-এর চেয়ারপারসন নুরিয়া লোপেজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ-ইইউ বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করা, ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধির সুযোগ, ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার এবং দ্বিপক্ষীয় বাণিজ্য প্রক্রিয়া সহজীকরণ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও মতবিনিময় করা হয়।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ সম্প্রতি জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন করেছে। এর ফলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানে বাংলাদেশের সাত হাজার ৩০০টির বেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারের সঙ্গেও একই ধরনের চুক্তি এগিয়ে নিতে আগ্রহী সরকার।

তিনি আরও বলেন, “জাপানের সঙ্গে ইপিএ আমাদের রপ্তানি খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এফটিএ হলে বাংলাদেশের বাজার আরও বিস্তৃত হবে এবং রপ্তানি বহুমুখীকরণে বড় ভূমিকা রাখবে।”

ইউরোচেমের চেয়ারপারসন নুরিয়া লোপেজ বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্য সুবিধা ঝুঁকির মুখে পড়তে পারে। সে কারণে আগেভাগেই এফটিএ নিয়ে আলোচনা শুরু করা অত্যন্ত জরুরি। তাঁর মতে, এ ধরনের চুক্তি হলে ইউরোপীয় বিনিয়োগ বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং উন্নত ইউরোপীয় বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা আরও জোরদার হবে।

তিনি উল্লেখ করেন, ভারত ইতোমধ্যে ইইউর সঙ্গে এফটিএ প্রক্রিয়ায় এগিয়েছে এবং ভিয়েতনাম আগে থেকেই এ ধরনের চুক্তির আওতায় সুবিধা পাচ্ছে। এর ফলে মধ্যম আয়ের দেশ হয়েও তারা ইউরোপের বাজারে শক্ত প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পেরেছে।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশ-ইইউ বাণিজ্য সম্পর্কের কাঠামো পরিবর্তিত হবে, তবে তা ২০২৯ সালের আগে কার্যকর হবে না। তিনি জানান, প্রায় ২০ কোটি মানুষের বাজার হিসেবে বাংলাদেশ ইউরোপীয় বিনিয়োগ ও প্রযুক্তির জন্য আকর্ষণীয় গন্তব্য। এ লক্ষ্যে ২০২৬ সালে একটি ইইউ-বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ইউরোপীয় কোম্পানিগুলো যেন বাংলাদেশে সমান সুযোগ ও স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ পায়, সে জন্য আগাম ও ইতিবাচক রাজনৈতিক বার্তা গুরুত্বপূর্ণ।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে শিল্পকারখানা স্থানান্তরের ক্ষেত্রেও ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর বড় সুযোগ রয়েছে। দক্ষ শ্রমশক্তি ও তুলনামূলক কম উৎপাদন ব্যয় দেশের বড় শক্তি। তিনি জানান, সরকার একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলছে, যার লক্ষ্য বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদনকেন্দ্রে পরিণত করা।

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে ইউরোপীয় ইউনিয়নের বড় পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ইইউ পর্যবেক্ষকদের উপস্থিতি দেশের গণতন্ত্র পুনরুজ্জীবনের ক্ষেত্রে আস্থার প্রতীক। তিনি বলেন, নির্বাচনি প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক রয়েছে।

বৈঠকে সরকারের এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ