চলমান যুদ্ধ ও বৈশ্বিক অস্থিরতার প্রভাবে বিশ্ব ইতিহাসের অন্যতম বড় জ্বালানি সংকটের মুখোমুখি হয়েছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল। প্যারিসে আয়োজিত এক সম্মেলনে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির কারণে বিশ্ব এক গভীর অর্থনৈতিক ও জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তার মতে, তেল ও গ্যাসের বাজার এখন চরম চাপ ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। […]
ছবি: সংগৃহীত
চলমান যুদ্ধ ও বৈশ্বিক অস্থিরতার প্রভাবে বিশ্ব ইতিহাসের অন্যতম বড় জ্বালানি সংকটের মুখোমুখি হয়েছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল।
প্যারিসে আয়োজিত এক সম্মেলনে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির কারণে বিশ্ব এক গভীর অর্থনৈতিক ও জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তার মতে, তেল ও গ্যাসের বাজার এখন চরম চাপ ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
ফাতিহ বিরল বলেন, “আমি যখন সর্বশেষ বাজার পরিস্থিতি দেখেছি, তখন তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ১২০ ডলারের ওপরে। এটি বিশ্বের অনেক দেশের জন্য ভয়াবহ চাপ তৈরি করছে।”
তিনি আরও বলেন, চলমান যুদ্ধের কারণে জ্বালানি নিরাপত্তা ব্যবস্থায় নজিরবিহীন অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে জ্বালানির উচ্চমূল্য এবং সরবরাহ ব্যবস্থার সংকট বিশ্ব অর্থনীতিকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।
আইইএ প্রধানের মতে, অনেক দেশ এখন একই সঙ্গে মূল্যস্ফীতি, জ্বালানি ঘাটতি এবং অর্থনৈতিক চাপ মোকাবিলা করছে। এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার আশঙ্কাও বাড়ছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য ঘিরে চলমান সংঘাত এবং গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটগুলোতে উত্তেজনা বৃদ্ধির কারণে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দামে অস্বাভাবিক অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: আল-জাজিরা