ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও হরমুজ প্রণালিতে অচলাবস্থার জেরে যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। দেশটিতে সাধারণ মানের পেট্রোল বা রেগুলার গ্যাসোলিনের দাম গত এক সপ্তাহে গ্যালনপ্রতি ৩১ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৮৩ ডলারে। অটো ট্রাভেল সংস্থা এএএ–এর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধির বড় কারণ হয়ে উঠেছে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে […]
ছবি: সংগৃহীত
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও হরমুজ প্রণালিতে অচলাবস্থার জেরে যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। দেশটিতে সাধারণ মানের পেট্রোল বা রেগুলার গ্যাসোলিনের দাম গত এক সপ্তাহে গ্যালনপ্রতি ৩১ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৮৩ ডলারে।
অটো ট্রাভেল সংস্থা এএএ–এর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধির বড় কারণ হয়ে উঠেছে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকট। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে বহু তেলবাহী জাহাজ সেখানে আটকে পড়েছে এবং সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান কার্যত এই কৌশলগত জলপথের ওপর নিয়ন্ত্রণ জোরদার করায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম টানা বাড়তে থাকে। এর সরাসরি প্রভাব পড়ে যুক্তরাষ্ট্রের খুচরা জ্বালানি বাজারেও। কারণ গ্যাসোলিন উৎপাদনের প্রধান উপাদানই হলো অপরিশোধিত তেল।
এর আগে এপ্রিলের মাঝামাঝি সময়ে যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার ইঙ্গিত মিললে জ্বালানির দামও কমতির দিকে ছিল। টানা দুই সপ্তাহ খুচরা বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবার বাড়তে থাকায় সেই ধারা দ্রুত বদলে যায়।
এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জির গ্লোবাল ফুয়েল রিটেইল বিভাগের পরিচালক রব স্মিথ বলেন, যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে এক ধরনের আশাবাদ দেখা দিয়েছিল। কিন্তু হরমুজ প্রণালি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আবারও সরবরাহ সংকটের শঙ্কা বাড়ছে।
তার মতে, বিশ্ববাজারে জ্বালানির চাহিদার তুলনায় সরবরাহ কমে গেলে মূল্য আরও বাড়বে। হরমুজ প্রণালি যতদিন পুরোপুরি স্বাভাবিক না হবে, ততদিন তেলের দামের ওপর বড় ধরনের চাপ থেকেই যাবে।
মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের তথ্যমতে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসোলিনের মূল্যের প্রায় ৫১ শতাংশই ছিল অপরিশোধিত তেলের খরচ। ফলে আন্তর্জাতিক বাজারে সামান্য অস্থিরতাও দেশটির ভোক্তা পর্যায়ে দ্রুত প্রভাব ফেলে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ বলছে, ইরান যুদ্ধ শুরুর পর বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এপ্রিলের শুরুতে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১২ ডলারে পৌঁছায়, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম উচ্চ পর্যায়।
তবে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির একটি সম্ভাব্য সমঝোতার দিকে এগোচ্ছে—এমন ইঙ্গিতের পর বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমে আবার ১০০ ডলারের নিচে নেমেছে। বিশ্লেষকদের ধারণা, পরিস্থিতি স্থিতিশীল থাকলে খুচরা পর্যায়েও জ্বালানির দাম ধীরে ধীরে কমতে পারে।
তবু বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যুদ্ধ থেমে গেলেও বাজার পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। কারণ এই অঞ্চলে জাহাজ চলাচল, বীমা খরচ এবং নিরাপত্তা ঝুঁকি এখনো বড় অনিশ্চয়তা হয়ে রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র নিজেই বড় তেল উৎপাদক ও রপ্তানিকারক হলেও সংকট পুরোপুরি সামাল দিতে পারছে না। কারণ দেশটির বেশিরভাগ শোধনাগার ভারী ও উচ্চ সালফারযুক্ত অপরিশোধিত তেল পরিশোধনের উপযোগী করে নির্মিত। অথচ দেশীয় খনি থেকে উত্তোলিত তেলের বড় অংশই হালকা ধরনের। ফলে আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরতা পুরোপুরি কমানো সম্ভব হচ্ছে না।