ইরানের সঙ্গে চলমান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসের সরাসরি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বুধবার হাউজ আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে যুদ্ধের খরচ, সামরিক কৌশল এবং বিশাল প্রতিরক্ষা বাজেট নিয়ে তীব্র বিতর্ক হয়। বার্তা সংস্থা এপি ও গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ২০২৭ সালের প্রতিরক্ষা বাজেট নিয়ে এই শুনানি হওয়ার কথা ছিল। […]
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসের সরাসরি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বুধবার হাউজ আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে যুদ্ধের খরচ, সামরিক কৌশল এবং বিশাল প্রতিরক্ষা বাজেট নিয়ে তীব্র বিতর্ক হয়।
বার্তা সংস্থা এপি ও গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ২০২৭ সালের প্রতিরক্ষা বাজেট নিয়ে এই শুনানি হওয়ার কথা ছিল। ট্রাম্প প্রশাসন আগামী অর্থবছরের জন্য প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের সামরিক বাজেট প্রস্তাব করেছে, যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধ।
শুনানিতে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা অভিযোগ করেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরু করেছেন। তারা প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং যুদ্ধের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন।
পেনসিলভানিয়ার প্রতিনিধি ক্রিস ডেলুজিও বলেন, প্রতিরক্ষামন্ত্রী শুরু থেকেই ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। তিনি যুদ্ধের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।
অন্যদিকে রিপাবলিকান সদস্যরা বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
শুনানিতে হেগসেথের কাছে জানতে চাওয়া হয়, ইরান যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য কী এবং প্রশাসনের ‘এন্ড গেম’ বা শেষ কৌশল কী হতে পারে। পাশাপাশি বেসামরিক হতাহতের বিষয়েও তাকে কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়। সম্প্রতি একটি স্কুলে বিমান হামলায় ১৭৫ জন নিহত হওয়ার ঘটনাও আলোচনায় আসে।
এ ছাড়া ইরানের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির বিষয়টিও শুনানিতে গুরুত্ব পায়।
শুনানিতে হেগসেথের সঙ্গে উপস্থিত ছিলেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। আজ সিনেট আর্মড সার্ভিসেস কমিটিতেও তাদের জবাবদিহির মুখোমুখি হওয়ার কথা রয়েছে।
প্রতিরক্ষা বিভাগের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে সাম্প্রতিক সময়ে বরখাস্ত করার বিষয়েও আইনপ্রণেতারা হেগসেথকে প্রশ্ন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এপি, গার্ডিয়ান, আল জাজিরা