চলমান ইরান সংকটের কারণে বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে অংশ নিতে পারবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির কারণে পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়াও তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ওভাল অফিসে ট্রাম্প বলেন, তিনি ছেলের বিয়েতে যেতে চান, […]
ছবি: সংগৃহীত
চলমান ইরান সংকটের কারণে বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে অংশ নিতে পারবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির কারণে পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়াও তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার ওভাল অফিসে ট্রাম্প বলেন, তিনি ছেলের বিয়েতে যেতে চান, তবে সময়টা তার জন্য “খুব খারাপ”। বিশেষ করে ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের উত্তেজনাকেই তিনি এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।
মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র চলতি সপ্তাহের শেষে বাহামাসে দীর্ঘদিনের বান্ধবী বেটিনা অ্যান্ডারসনকে বিয়ে করতে যাচ্ছেন। এটি হবে তার দ্বিতীয় বিয়ে।
ছেলের বিয়েতে উপস্থিত থাকবেন কিনা—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “সে অবশ্যই চায় আমি সেখানে থাকি। এটি একটি পারিবারিক অনুষ্ঠান। কিন্তু আমি তাকে বলেছি, সময়টা আমার জন্য সহজ নয়।”
তিনি আরও বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং যুদ্ধবিরতি নিয়ে অচলাবস্থার কারণে যেকোনো সিদ্ধান্তই রাজনৈতিক ও গণমাধ্যমের আলোচনার বিষয় হয়ে উঠছে। ট্রাম্পের ভাষায়, “আমি যাই বা না যাই—দুই অবস্থাতেই সমালোচনা হবে।”
এদিকে মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ট্রাম্প প্রশাসনের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক উদ্বেগও তার জনপ্রিয়তায় প্রভাব ফেলছে বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে।
আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্প প্রশাসনের জন্য এই সংকট রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
জানা গেছে, বাহামাসের একটি ছোট দ্বীপে সীমিত পরিসরে বিয়ের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, ‘ডন জুনিয়র’ নামে পরিচিত ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ট্রাম্পের রাজনৈতিক আন্দোলন ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা ম্যাগা শিবিরের অন্যতম সক্রিয় মুখ।