নিউইয়র্ক সিটির ঐতিহ্যবাহী ‘ইসরায়েল ডে প্যারেড’-এ অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন ডেমোক্রেটিক-সোশ্যালিস্ট রাজনীতিক জোহরান মামদানি। এই সিদ্ধান্তের পর বিভিন্ন ইহুদি সংগঠন ও রাজনৈতিক মহলে সমালোচনার মুখে পড়েছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কে সাম্প্রতিক সময়ে ইহুদিবিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই তিনি এই সিদ্ধান্ত নেন। নিউইয়র্ক সিটিকে ইসরায়েলের বাইরে বিশ্বের অন্যতম […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির ঐতিহ্যবাহী ‘ইসরায়েল ডে প্যারেড’-এ অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন ডেমোক্রেটিক-সোশ্যালিস্ট রাজনীতিক জোহরান মামদানি। এই সিদ্ধান্তের পর বিভিন্ন ইহুদি সংগঠন ও রাজনৈতিক মহলে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কে সাম্প্রতিক সময়ে ইহুদিবিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই তিনি এই সিদ্ধান্ত নেন।
নিউইয়র্ক সিটিকে ইসরায়েলের বাইরে বিশ্বের অন্যতম বৃহৎ ইহুদি জনগোষ্ঠীর আবাসস্থল হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর আয়োজিত এই প্যারেডকে স্থানীয় ইহুদি সম্প্রদায় ও ইসরায়েলের প্রতি সংহতির প্রতীক হিসেবে দেখা হয়।
মামদানির সিদ্ধান্তের প্রতিবাদে শহরের দুটি প্রভাবশালী ইহুদি সংগঠন গ্রেসি ম্যানশনে আয়োজিত একটি ইহুদি ঐতিহ্যবিষয়ক অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বলে জানা গেছে।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস প্রশাসনের ইহুদিবিদ্বেষ-বিরোধী দফতরের সাবেক নির্বাহী পরিচালক মোশে ডেভিস বলেন, ১৯৬৪ সালে এই প্যারেড শুরু হওয়ার পর থেকে নিউইয়র্কের প্রতিটি মেয়র এতে অংশ নিয়েছেন। তার মতে, প্যারেডে অংশ না নেওয়ার সিদ্ধান্ত শহরের দীর্ঘ ঐতিহ্যের প্রতি অসম্মান।
চলতি মাসের শুরুতেই জোহরান মামদানি নিশ্চিত করেন যে, আগামী ৩১ মে অনুষ্ঠিতব্য প্যারেডে তিনি যোগ দেবেন না। এমন সময় এই ঘোষণা এসেছে, যখন নিউইয়র্কের বিভিন্ন সিনাগগ ও ইহুদি কমিউনিটি কেন্দ্রের বাইরে ইসরায়েলবিরোধী বিক্ষোভ চলছে এবং ইহুদিবিদ্বেষ নিয়ে উদ্বেগ বাড়ছে।
তবে বিষয়টি নতুন নয়। এর আগেও ২০২৫ সালে এক সাক্ষাৎকারে তিনি রাজনৈতিক অবস্থানের কারণেই প্যারেডে অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। সাম্প্রতিক ঘোষণার পর সেই বিতর্ক আরও তীব্র হয়েছে।
এদিকে আয়োজকরা দাবি করেছেন, মামদানির সিদ্ধান্তের পর উল্টো সাধারণ মানুষের আগ্রহ আরও বেড়েছে। তাদের আশা, এবারের প্যারেডে রেকর্ডসংখ্যক মানুষের উপস্থিতি হতে পারে।