নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবনে শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ভবনটি পরিদর্শন করতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। আদিলুর রহমান বলেন, বৈঠকের তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে দীর্ঘদিন অবহেলায় থাকা গণভবনকে পুনরায় রাষ্ট্রীয় কর্মকাণ্ডের আওতায় সক্রিয় করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। […]
নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবনে শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ভবনটি পরিদর্শন করতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
আদিলুর রহমান বলেন, বৈঠকের তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে দীর্ঘদিন অবহেলায় থাকা গণভবনকে পুনরায় রাষ্ট্রীয় কর্মকাণ্ডের আওতায় সক্রিয় করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। রক্ষণাবেক্ষণ, অবকাঠামো সংস্কার, নিরাপত্তা জোরদারসহ প্রশাসনিক ব্যবস্থাপনা আধুনিকায়নের কাজ চলছে। তিনি বলেন, “উত্তরা গণভবনকে সব সময় প্রস্তুত রাখা আমাদের দায়িত্ব।”
তিনি আরও উল্লেখ করেন, প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতিটি সরকারই অন্তত একবার এই স্থাপনায় সভা করে থাকে। বহু বছর পর ভবনটিকে আবারও কার্যকর করে তোলা হয়েছে, যেন রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও নীতিনির্ধারণী বৈঠক সহজে আয়োজন করা যায়।
পরিদর্শন শেষে তিনি সুগার মিল এলাকায় বৃক্ষরোপণেও অংশ নেন। এ সময় দেশের চিনিশিল্পের প্রসঙ্গ এনে তিনি বলেন, শুধু ভর্তূকি দিয়ে শিল্পটিকিয়ে রাখা সম্ভব নয়। প্রয়োজন নিয়মিত এবং টেকসই বিনিয়োগ—যা অভ্যন্তরীণ কিংবা বিদেশি—যেকোনো উৎস থেকেই হতে পারে। চিনিশিল্পকে পুনরায় লাভজনক করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে।
পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আবদুল ওয়াহাবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।