কয়েকদিন স্বস্তির পর আবারও দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ ফিরে এসেছে। সোমবার রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবারও এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং আরও কিছু এলাকায় তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, বিরতির পর শুরু হওয়া এই তাপপ্রবাহ […]
ছবি: সংগৃহীত
কয়েকদিন স্বস্তির পর আবারও দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ ফিরে এসেছে। সোমবার রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবারও এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং আরও কিছু এলাকায় তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, বিরতির পর শুরু হওয়া এই তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে। তবে ২৬ এপ্রিলের পর বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে, যা কিছুটা স্বস্তি এনে দিতে পারে।
এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে অল্প কিছু বৃষ্টিও হয়েছে। সিলেট, নেত্রকোনা, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের কিছু এলাকায় স্বল্পমাত্রার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তাপমাত্রার দিক থেকে সোমবার রাজশাহীতে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা দিনের সর্বোচ্চ। রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশিরভাগ এলাকাতেই তাপমাত্রা বাড়ায় ভ্যাপসা গরমও বেড়েছে, ফলে জনজীবনে অস্বস্তি তৈরি হয়েছে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, যদিও তাপপ্রবাহ চলছে, তবে আগের বছরগুলোর মতো দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। কারণ এবারে তাপপ্রবাহের সঙ্গে মাঝেমধ্যে বৃষ্টিও থাকবে। উল্লেখ্য, ২০২৪ সালে টানা ২৬ দিন এবং ২০২৩ সালে ২২ দিন তাপপ্রবাহ ছিল দেশে।
আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি হলে তীব্র এবং ৪২ ডিগ্রির বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।