শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে গেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে কলকাতা থেকে বিমানে করে তাদের দিল্লিতে নেওয়া হয়। মঙ্গলবার তাদের এনআইএর বিশেষ আদালতে হাজির করার কথা রয়েছে। এর আগে ২২ মার্চ কলকাতার বিধাননগর আদালতে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি […]
ছবি: সংগৃহীত
শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে গেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে কলকাতা থেকে বিমানে করে তাদের দিল্লিতে নেওয়া হয়। মঙ্গলবার তাদের এনআইএর বিশেষ আদালতে হাজির করার কথা রয়েছে।
এর আগে ২২ মার্চ কলকাতার বিধাননগর আদালতে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি চায় এনআইএ। আদালত প্রথমে সেই আবেদন মঞ্জুর করলেও পরদিন নতুন আবেদন করে সংস্থাটি জানায়, দমদম কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা ঝুঁকি থাকায় সেখানে জেরা করতে অনিচ্ছুক তারা।
পরে আদালত অভিযুক্তদের দিল্লিতে নেওয়ার অনুমতি দিলে রাতেই তাদের স্থানান্তর করা হয়।
গত রোববার বিচারক নিশান মজুমদার তাদের ১২ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) এবং এনআইএ জেলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবে। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল।
অভিযুক্তদের বিরুদ্ধে আনলফুল অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্টের ১৬ ও ১৮ ধারায় মামলা হয়েছে, যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা বা সহায়তার অভিযোগ আনা হয়েছে। এসব ধারায় দোষী প্রমাণিত হলে সর্বনিম্ন ৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।
তবে আদালত প্রাঙ্গণে ফয়সাল দাবি করেন, তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে।
উল্লেখ্য, গত ৭ মার্চ উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে পশ্চিমবঙ্গ এসটিএফ তাদের গ্রেপ্তার করে।