এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের ব্যবহৃত একটি কালো চামড়ার জ্যাকেট নিউইয়র্কে নিলামে ৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১২ কোটি ৮৩ লাখ টাকা। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কে নিলাম আয়োজন করে বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবি। প্রত্যাশিত মূল্যের তুলনায় প্রায় ১৬ গুণ বেশি […]
ছবি: সংগৃহীত
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের ব্যবহৃত একটি কালো চামড়ার জ্যাকেট নিউইয়র্কে নিলামে ৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১২ কোটি ৮৩ লাখ টাকা।
বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কে নিলাম আয়োজন করে বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবি। প্রত্যাশিত মূল্যের তুলনায় প্রায় ১৬ গুণ বেশি দামে জ্যাকেটটি বিক্রি হয়। এর আনুমানিক মূল্য ধরা হয়েছিল ৬০ হাজার মার্কিন ডলার।
সোথবির আধুনিক সংগ্রহ বিভাগের প্রধান ব্রাহাম ওয়াখটার জ্যাকেটটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুগের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব জেনসেন হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একটি স্মারক হিসেবে বর্ণনা করেছেন।
সোথবির এক বিবৃতিতে বলা হয়েছে, টম ফোর্ডের তৈরি এই চামড়ার জ্যাকেটটি কিনতে ৪৫ জন সংগ্রাহক নিলামে অংশ নেন।
প্রযুক্তি জগতে স্বতন্ত্র পোশাকের জন্য পরিচিত ব্যক্তিত্বদের মধ্যে জেনসেন হুয়াংও অন্যতম। অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের কালো গলাবন্ধ সোয়েটার কিংবা মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের ধূসর টি-শার্টের মতোই, হুয়াংয়ের কালো চামড়ার জ্যাকেটও তার ব্যক্তিগত পরিচয়ের অংশ হয়ে উঠেছে। বিভিন্ন প্রযুক্তি সম্মেলন ও জনসমক্ষে তাকে প্রায় নিয়মিতই এ ধরনের জ্যাকেট পরতে দেখা যায়। ২০২১ সালে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদেও তিনি একই ধরনের চামড়ার জ্যাকেট পরে উপস্থিত ছিলেন।
জেনসেন হুয়াংয়ের নেতৃত্বে এনভিডিয়া বর্তমানে বিশ্বের সর্বোচ্চ বাজারমূল্যের তালিকাভুক্ত কোম্পানিগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত বিকাশে প্রতিষ্ঠানটির চিপের ব্যাপক চাহিদা এই সাফল্যের অন্যতম কারণ।
নিলামে জ্যাকেট বিক্রি থেকে পাওয়া অর্থ ‘এজ ইনস্টিটিউট’ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানে দেওয়া হবে। প্রতিষ্ঠানটি ইংরেজি ভাষা শিক্ষা এবং পশ্চিমা ব্যবসা ও শিক্ষা পদ্ধতি বিষয়ে পেশাজীবীদের প্রশিক্ষণ দিয়ে থাকে।
সূত্র: এএফপি