সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:২৪ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬

এনভিডিয়া প্রধানের সঙ্গে স্ত্রীর পরকীয়ার অভিযোগ, চীনে স্বামীর ৯ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার সাম্রাজ্য

এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে আলোচনায় এসেছেন চীনা ব্যবসায়ী ক্যাং ওয়েইয়ের স্ত্রী অ্যালিস হুয়াং। অন্যদিকে, চীনে ক্যাংয়ের বিশাল ডেটা সেন্টার ব্যবসা এবং তাঁর স্ত্রীর এনভিডিয়ার উন্নত প্রযুক্তির চিপ সংগ্রহের উদ্যোগ ঘিরেও সামনে এসেছে নানা তথ্য। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ডেটা সেন্টার প্রকল্পে প্রায় […]

এনভিডিয়া প্রধানের সঙ্গে স্ত্রীর পরকীয়ার অভিযোগ, চীনে স্বামীর ৯ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার সাম্রাজ্য

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৪ মিনিটে পড়ুন |

এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে আলোচনায় এসেছেন চীনা ব্যবসায়ী ক্যাং ওয়েইয়ের স্ত্রী অ্যালিস হুয়াং। অন্যদিকে, চীনে ক্যাংয়ের বিশাল ডেটা সেন্টার ব্যবসা এবং তাঁর স্ত্রীর এনভিডিয়ার উন্নত প্রযুক্তির চিপ সংগ্রহের উদ্যোগ ঘিরেও সামনে এসেছে নানা তথ্য। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ডেটা সেন্টার প্রকল্পে প্রায় ৯০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব করা হয়েছিল।

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে হিন্দুস্তান টাইমস। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের পর্যালোচনা করা চীনা সরকারি নথি ও ব্যবসায়িক তথ্য অনুযায়ী, ক্যাং ওয়েইয়ের ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট ডেটা সেন্টার প্রকল্পগুলোতে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ৯০০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা। এসব প্রকল্পে চীনা সরকারের আর্থিক ও অবকাঠামোগত সহায়তা ছিল। তবে এই অর্থ প্রকল্পগুলোর প্রস্তাবিত বিনিয়োগ, ক্যাংয়ের ব্যক্তিগত আয় বা মুনাফা নয়।

ক্যাংয়ের ব্যবসার মূল প্রতিষ্ঠান ছিল সাংহাইভিত্তিক সেঞ্চুরি লংটেং। চীনের বিভিন্ন অঞ্চলে ডেটা সেন্টার নির্মাণের পাশাপাশি প্রতিষ্ঠানটি দেশটির প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের সঙ্গে ক্লাউড ডেটা সেন্টার ও কম্পিউটিং অবকাঠামো সম্প্রসারণের চুক্তি করে।

২০২১ সালের শেষ দিকে সেঞ্চুরি লংটেংয়ের মালিকানায় সাংহাইয়ের একটি সরকারি সংস্থার ১০ শতাংশ এবং ক্যাংয়ের ব্যবসায়িক উদ্যোগ হেক্সি ক্যাপিটালের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের ২৭ শতাংশ অংশীদারত্ব ছিল। বাকি ৬৩ শতাংশের মালিক ছিল তালিকাভুক্ত প্রতিষ্ঠান সেঞ্চুরি হুয়াটং।

২০২২ সালের শুরুর দিকে হুয়াওয়ের সঙ্গে চুক্তির পর চীনের বিভিন্ন অঞ্চলে ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ নেয় সেঞ্চুরি লংটেং। এর মধ্যে আনহুই প্রদেশের উহু শহরে প্রায় ৪৫০ কোটি ডলারের একটি ডেটা সেন্টার কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা ছিল। সরকারি নথি অনুযায়ী, প্রকল্পটিতে বিদ্যুৎ ও অবকাঠামোগত সহায়তা দেওয়ার কথা ছিল। চলতি বছরের এপ্রিল পর্যন্ত ওই প্রকল্পের অন্তত একটি ভবনের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার তথ্য নথিভুক্ত হয়েছে।

এ ছাড়া ২০২৪ সালে সিচুয়ান প্রদেশের লিয়াংশানে প্রায় ৫০০ কোটি ডলারের আরেকটি ডেটা সেন্টার প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। শেনঝেনেও সেঞ্চুরি লংটেংয়ের সংশ্লিষ্টতায় ডেটা সেন্টার উন্নয়নের তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, ক্যাংয়ের স্ত্রী অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের নির্বাহী হিসেবে এনভিডিয়ার উন্নত কম্পিউটিং চিপ সংগ্রহের উদ্যোগে যুক্ত ছিলেন। ২০২৩ সালের নভেম্বরে তিনি এনভিডিয়াকে জানান, চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা মেগাস্পিডের বড় গ্রাহক হতে পারে। এরপর মেগাস্পিড এনভিডিয়ার ক্লাউড পার্টনারের স্বীকৃতি পায়। এতে উন্নত চিপ সংগ্রহে অগ্রাধিকার পাওয়ার সুযোগ তৈরি হয়েছিল বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, অ্যালিসের সঙ্গে এনভিডিয়ার তৎকালীন সিইও জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে আসে। বিষয়টি নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জেনসেন হুয়াং পরে এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন এবং পরিবারের কাছে ক্ষমা চান। এরপর তিনি সিইও পদ ছাড়েন। প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস অন্তর্বর্তী সিইওর দায়িত্ব নেন।

মেগাস্পিডের চিপ সংগ্রহ ও সার্ভার কেনাকাটা নিয়েও একাধিক দেশের কর্তৃপক্ষের নজরদারি শুরু হয়। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় ২০২৪ সালে সম্ভাব্য রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটির বিষয়ে তদন্ত শুরু করে। ২০২৫ সালের মে মাসে এনভিডিয়ার কাছে মেগাস্পিডের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে চিপ বিক্রির তথ্য চাওয়া হয়। একই বছরের জুনে এনভিডিয়া প্রতিষ্ঠানটিকে তাদের ‘নো-সেল’ তালিকায় রাখে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় ও বিচার বিভাগের ১৬ নভেম্বরের যৌথ বিবৃতি অনুযায়ী, ২০২৫ সালের জুনে সিঙ্গাপুরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে মেগাস্পিডের কার্যালয়ে সরেজমিন পরিদর্শন ও ব্যবহার-সংক্রান্ত যাচাই চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যালিস হুয়াংকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ফৌজদারি তদন্তের দায়িত্ব নেয় মার্কিন বিচার বিভাগ।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সার্ভার কেনাকাটায় সন্দেহজনক ঘোষণা দেওয়ার অভিযোগে সিঙ্গাপুরেও মেগাস্পিড ও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফৌজদারি অপরাধের পর্যাপ্ত প্রমাণ না মিললেও অ্যালিস হুয়াংকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয় এবং তাঁকে সিঙ্গাপুরে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। মেগাস্পিড ও আরও ছয় ব্যক্তির বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

অন্যদিকে, শেয়ারবাজারে কারসাজির সন্দেহে চলতি বছরের শুরুতে সাংহাইয়ে আটক হন ক্যাং ওয়েই বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ক্যাংয়ের ডেটা সেন্টার ব্যবসা এবং অ্যালিসের মাধ্যমে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহের উদ্যোগের মধ্যে সরাসরি সমন্বিত কোনো পরিকল্পনা ছিল, এমন প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে, মেগাস্পিডের সংগ্রহ করা এনভিডিয়ার চিপ ক্যাংয়ের সংশ্লিষ্ট ডেটা সেন্টার প্রকল্পে ব্যবহার করা হয়েছে কি না, সেটিও নিশ্চিত নয়।

তথ্যসূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, হিন্দুস্তান টাইমস, যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় ও বিচার বিভাগের যৌথ বিবৃতি।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ