যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফর শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছে কয়েক দিনের এই সফরের সূচনা করেন তিনি। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। পাশাপাশি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। তবে কিমের সঙ্গে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফর শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছে কয়েক দিনের এই সফরের সূচনা করেন তিনি। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। পাশাপাশি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। তবে কিমের সঙ্গে বৈঠকের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে এ তিন নেতার প্রথম ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। হোয়াইট হাউস ও ক্রেমলিন—দুই পক্ষই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। আলোচনায় পারমাণবিক অস্ত্রের মজুত কমানো এবং ইরান পরিস্থিতি গুরুত্ব পেতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনা হওয়ার কথা নেই বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
ম্যানিলায় সফরের শুরুতে অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে কোয়াড শীর্ষ সম্মেলনে অংশ নেন তিনি। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সহযোগিতা ছিল আলোচনার অন্যতম বিষয়।
সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বিশ্বস্ত কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো ও প্রযুক্তির বিস্তারে ৮ কোটি ৫০ লাখ ডলারের বেশি অর্থায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নজরদারি এবং গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহব্যবস্থা শক্তিশালী করার বিষয়েও উদ্যোগ ঘোষণা করেছে কোয়াডের চার দেশ।
বুধবার ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। এরপর চীনের শেনজেনের উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখানে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে কিম জং উনের সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ নিয়েও কথা বলেছেন ট্রাম্প। তাঁর দাবি, কিম তাঁর সঙ্গে দেখা করতে আগ্রহী। ট্রাম্পও বৈঠকের বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। তবে দুই নেতার সাক্ষাতের জন্য এখনো কোনো আনুষ্ঠানিক আয়োজন বা সময়সূচি নিশ্চিত হয়নি। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠক আয়োজনের ক্ষেত্রে সময় ও যাতায়াতসংক্রান্ত কিছু বাস্তব জটিলতাও রয়েছে।
ট্রাম্পের সফরকে কেন্দ্র করে ম্যানিলায় বিক্ষোভও হয়েছে। বিক্ষোভকারীরা ‘ট্রাম্প বিদায় হও’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘প্যাক্স সিলিকা’ উদ্যোগের আওতায় ফিলিপাইনে পরিকল্পিত প্রযুক্তি ও উৎপাদন অবকাঠামো নিয়েও আপত্তি জানিয়েছেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের স্থানচ্যুতির আশঙ্কাসহ প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে প্রতিবাদ চলছে।
সূত্র: সিবিএস নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স ও এবিসি নিউজ