ব্রাজিলের অ্যামাজন বনাঞ্চলের প্রত্যন্ত এলাকা থেকে বেরিয়ে এসে খাবার চেয়েছে বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী আভাদের (Awa) প্রায় ২০ সদস্য। সোমবার (১৬ নভেম্বর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যে সরকারি একটি দলের সঙ্গে তাদের এই বিরল সাক্ষাৎ ঘটে। ঘটনাটির ভিডিও ও ছবি প্রকাশের পর বন ধ্বংস, অবৈধ অনুপ্রবেশ এবং রোগ সংক্রমণের ঝুঁকিতে জনগোষ্ঠীটির অস্তিত্ব নিয়ে নতুন করে উদ্বেগ দেখা […]
ছবি: সংগৃহীত
ব্রাজিলের অ্যামাজন বনাঞ্চলের প্রত্যন্ত এলাকা থেকে বেরিয়ে এসে খাবার চেয়েছে বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী আভাদের (Awa) প্রায় ২০ সদস্য। সোমবার (১৬ নভেম্বর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যে সরকারি একটি দলের সঙ্গে তাদের এই বিরল সাক্ষাৎ ঘটে। ঘটনাটির ভিডিও ও ছবি প্রকাশের পর বন ধ্বংস, অবৈধ অনুপ্রবেশ এবং রোগ সংক্রমণের ঝুঁকিতে জনগোষ্ঠীটির অস্তিত্ব নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকার সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল বিরল ছবিগুলো প্রকাশ করে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, সাক্ষাতের সময় আভা জনগোষ্ঠীর সদস্যরা খাবার চেয়েছিল। তবে ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাই জানিয়েছে, বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপন করা সরকারের নীতি নয়।
আভারা টুপি-গুয়ারানি ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি আদিবাসী জনগোষ্ঠী। ফুনাইয়ের তথ্য অনুযায়ী, তাদের বসবাস মারানিয়াও রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে। এ জনগোষ্ঠীর কিছু সদস্য এখনো বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ না করে স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন করছে।
বার্তা সংস্থা রয়টার্সকে ফুনাই জানিয়েছে, আরারিবোইয়া আদিবাসী ভূখণ্ডের একটি গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন আভাদের যোগাযোগের ভিডিও এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য পর্যালোচনা করা হচ্ছে। তবে সংস্থাটি বলেছে, সরকারি নীতিমালা অনুযায়ী বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের আদিবাসীবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সরকারি প্রবেশ নিয়ন্ত্রণ চৌকি ও তাওয়ারি গ্রামের কাছাকাছি ওই ঘটনা ঘটে। গ্রামটি গুয়াজাজারা আদিবাসীদের আবাসস্থল। তাঁদের সদস্যরাই ঘটনাটির ভিডিও ধারণ করেন।
সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, অবৈধ গাছ কাটা ও গবাদিপশুর খামার সম্প্রসারণের বিরুদ্ধে আন্দোলনকারী আদিবাসী সংগঠন ‘গার্ডিয়ানস অব দ্য আমাজন’-এর অনুরোধে ভিডিওগুলো প্রকাশ করা হয়েছে।
বন ধ্বংসে সংকুচিত হচ্ছে বসবাসের জায়গা
সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, অবৈধ অনুপ্রবেশকারীরা আভাদের ভূখণ্ডের চারদিক থেকে এগিয়ে আসছে। এতে তারা আমাজনের ক্রমেই ছোট হয়ে আসা একটি বনাঞ্চলে আটকে পড়ছে, যার চারপাশে চলছে ধ্বংসযজ্ঞ।
তিনি বলেন, বিচ্ছিন্ন আভা জনগোষ্ঠী বর্তমানে চরম চাপের মধ্যে রয়েছে।
মারানিয়াও আদিবাসী জনগোষ্ঠীর সংগঠন কোয়াপিমা বলেছে, এ ঘটনা সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। কারণ, পরিকল্পনাহীন যোগাযোগ বিচ্ছিন্ন জনগোষ্ঠীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে বাইরের মানুষের মাধ্যমে ছড়িয়ে পড়া সংক্রামক রোগ তাদের জীবন বিপন্ন করতে পারে।
বাইরের মানুষের সংস্পর্শে প্রাণঘাতী রোগের ঝুঁকি
গত কয়েক দশকে আমাজন অঞ্চলের বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীগুলো অবৈধ খনন, গাছ কাটা ও গবাদিপশুর খামার সম্প্রসারণের কারণে ক্রমাগত চাপের মুখে পড়েছে।
বাইরের মানুষের সংস্পর্শে আসার পর সংক্রামক রোগ ছড়িয়ে এসব জনগোষ্ঠীর বড় অংশের মৃত্যুর নজিরও রয়েছে। কলম্বিয়ায় ১৯৮০-এর দশকে বহিরাগতদের সংস্পর্শে আসার পর বিচ্ছিন্ন নুকাক (Nukak) জনগোষ্ঠীর প্রায় ৪০ শতাংশ মানুষ বিভিন্ন রোগে মারা যায়।
সারভাইভাল ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ গবেষক তেরেসা মায়ো আলজাজিরাকে বলেন, ‘বন না থাকলে বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীরও অস্তিত্ব থাকবে না।’
আদিবাসী অধিকারকর্মীদের মতে, আমাজনের বন রক্ষা করা শুধু পরিবেশ সংরক্ষণের বিষয় নয়; হাজার হাজার বছর ধরে নিজস্ব সংস্কৃতি ও জীবনধারা নিয়ে বসবাস করে আসা বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষার সঙ্গেও তা সরাসরি জড়িত।
সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও আলজাজিরা।