সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১২:০৬ অপরাহ্ন, ১০ জুন ২০২৬

এপস্টেইনের সহকারী লেসলি গ্রফের দাবি, ১৮ বছর কাজ করেও জানতেন না অপরাধের কথা

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের দীর্ঘদিনের নির্বাহী সহকারী লেসলি গ্রফকে জিজ্ঞাসাবাদ করেছে মার্কিন কংগ্রেসের হাউজ ওভারসাইট কমিটি। মঙ্গলবার (৯ জুন) দেওয়া সাক্ষ্যে তিনি দাবি করেন, প্রায় ১৮ বছর এপস্টেইনের সঙ্গে কাজ করলেও তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছুই জানতেন না। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, গ্রফ এপস্টেইনকে একজন অত্যন্ত দক্ষ প্রতারক ও কৌশলী ব্যক্তি হিসেবে […]

এপস্টেইনের সহকারী লেসলি গ্রফের দাবি, ১৮ বছর কাজ করেও জানতেন না অপরাধের কথা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের দীর্ঘদিনের নির্বাহী সহকারী লেসলি গ্রফকে জিজ্ঞাসাবাদ করেছে মার্কিন কংগ্রেসের হাউজ ওভারসাইট কমিটি। মঙ্গলবার (৯ জুন) দেওয়া সাক্ষ্যে তিনি দাবি করেন, প্রায় ১৮ বছর এপস্টেইনের সঙ্গে কাজ করলেও তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছুই জানতেন না।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, গ্রফ এপস্টেইনকে একজন অত্যন্ত দক্ষ প্রতারক ও কৌশলী ব্যক্তি হিসেবে বর্ণনা করেন। তার ভাষ্য, এপস্টেইন এমনভাবে নিজের ব্যক্তিগত ও অপরাধমূলক জীবনকে আড়ালে রাখতেন যে আশপাশের লোকজন সহজে কিছু বুঝতে পারত না।

উদ্বোধনী বক্তব্যে গ্রফ বলেন, এখন তিনি নিশ্চিতভাবে বিশ্বাস করেন যে ২০০১ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত যার অধীনে কাজ করেছেন, তিনি ছিলেন “একজন ভয়ংকর মানুষ”। তিনি জানান, পরবর্তীতে বুঝতে পেরেছেন এপস্টেইন ইচ্ছাকৃতভাবে তার বৈধ ব্যবসায়িক পরিচয় ও গোপন অপরাধজগতকে সম্পূর্ণ আলাদা করে রেখেছিলেন।

গ্রফের দাবি, তিনি যেসব তরুণী ও নারীর জন্য ম্যাসাজের সময় নির্ধারণ করতেন, তাদের সবাইকে পেশাদার ম্যাসাজ থেরাপিস্ট বলেই মনে করতেন। কেউ কখনও তাকে বলেনি যে তারা অপ্রাপ্তবয়স্ক কিংবা নির্যাতনের শিকার। বিষয়টি জানলে তিনি অবশ্যই ব্যবস্থা নিতেন বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ম্যাসাজ সংক্রান্ত তার কাজ ছিল কেবল সময় নির্ধারণের মধ্যে সীমাবদ্ধ। এসব সাক্ষাতের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে তার কোনো ধারণা ছিল না।

সাক্ষ্যে গ্রফ জানান, এপস্টেইন কখনও তার সঙ্গে অনৈতিক আচরণ করেননি। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, এপস্টেইন ও তার সহযোগী গিজেলেইন ম্যাক্সওয়েল কর্মীদের ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে নিরুৎসাহিত করতেন, যাতে তাদের কার্যক্রম নিয়ে বেশি প্রশ্ন না ওঠে।

এপস্টেইনের গ্রেপ্তারের পর নিজের জীবনও ওলটপালট হয়ে গেছে বলে জানান গ্রফ। তার দাবি, তিনি সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, একাধিকবার মৃত্যুর হুমকি পেয়েছেন এবং তার পরিবারের সদস্যরাও হয়রানির শিকার হয়েছেন।

ভুক্তভোগীদের প্রতি সহানুভূতি প্রকাশ করে গ্রফ বলেন, এসব নারীর কষ্টের কথা ভাবলে তার হৃদয় ভেঙে যায়। তিনি তাদের বিশ্বাস করেন এবং এপস্টেইনের কর্মচারী হিসেবে ওই সময় কাজ করাকে জীবনের একটি বড় বোঝা বলে উল্লেখ করেন।

তবে তার এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন ভুক্তভোগী ও আইনপ্রণেতা। ভুক্তভোগী সারলেনে রোচার্ড বলেন, গ্রফের দাবি তার অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অন্যদিকে কংগ্রেসম্যান স্টিফেন লিঞ্চ প্রশ্ন তোলেন, প্রায় দুই দশক ধরে এত কাছ থেকে কাজ করেও তিনি কীভাবে এপস্টেইনের কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানতে পারলেন না।

শুনানিতে আরও উঠে আসে, গ্রফ একাধিকবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জেফ্রি এপস্টেইনের মধ্যে ফোন যোগাযোগের ব্যবস্থা করেছিলেন।

গ্রফের ভাষ্য, যৌন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পরও এপস্টেইন তাকে বিশ্বাস করানোর চেষ্টা করেছিলেন যে তিনি ষড়যন্ত্র ও ব্ল্যাকমেইলের শিকার।

হাউজ ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমার বলেন, গ্রফ খোলামেলা সাক্ষ্য দিয়েছেন। তবে তার কিছু বক্তব্য ভুক্তভোগীদের বর্ণনার সঙ্গে পুরোপুরি মেলে না বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, ২০০১ সাল থেকে এপস্টেইনের হয়ে কাজ করা লেসলি গ্রফ তার সময়সূচি, ভ্রমণ পরিকল্পনা ও বিভিন্ন যোগাযোগের বিষয়গুলো পরিচালনা করতেন। এপস্টেইনের বিরুদ্ধে অভিযোগ আনা অনেক ভুক্তভোগীই তাকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক যোগাযোগের দায়িত্বে থাকা ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছেন।

সূত্র: সিএনবিসি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ