মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইসরাইল ও ইরানের পাল্টাপাল্টি হামলার ঘটনায়। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই সংঘাত শুধু আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকেই অস্থিতিশীল করেনি, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় ইরানের অবস্থানও আরও শক্তিশালী করতে পারে। গত এপ্রিলে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইসরাইল। এর আগে লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলার জবাবে […]
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইসরাইল ও ইরানের পাল্টাপাল্টি হামলার ঘটনায়। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই সংঘাত শুধু আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকেই অস্থিতিশীল করেনি, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় ইরানের অবস্থানও আরও শক্তিশালী করতে পারে।
গত এপ্রিলে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইসরাইল। এর আগে লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলার জবাবে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল বলে দাবি করেছে তেহরান। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক পরিস্থিতি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছে। প্রথমত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সংযমের আহ্বান জানালেও বাস্তবে ইসরাইলকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছেন না কিংবা করছেন না। দ্বিতীয়ত, ইরান নিজস্ব নিরাপত্তা ঝুঁকি সত্ত্বেও আঞ্চলিক সংঘাতের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান বিরোধকে একই কাঠামোর মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে। তৃতীয়ত, পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত সমঝোতা এখনও অনেক দূরে বলে মনে করছে তেহরান।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ট্রাম্প জানান, তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে পাল্টা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানাবেন। তবে অল্প সময়ের মধ্যেই ইরানে হামলা চালায় ইসরাইল। পরে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে কথা বলার আগেই ইসরাইলি যুদ্ধবিমান অভিযান শুরু করেছিল।
যদিও প্রকাশ্যে যুক্তরাষ্ট্র হামলা থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছে, বিভিন্ন সূত্র বলছে ইসরাইলি অভিযানের বিষয়ে ওয়াশিংটন অবগত ছিল। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, পুরো অভিযানের সময় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে সমন্বয় বজায় রাখা হয়েছিল। একই সঙ্গে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতেও যুক্তরাষ্ট্র সহায়তা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার উদ্দেশ্য ছিল শুধু প্রতিশোধ নেওয়া নয়। তেহরান মূলত পরীক্ষা করতে চেয়েছে, ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্র কতটা সমর্থন দিতে প্রস্তুত এবং সম্ভাব্য সংঘাতে কতদূর পর্যন্ত জড়াবে। একই সঙ্গে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে সম্ভাব্য মতপার্থক্য তুলে ধরাও ছিল ইরানের কৌশলের অংশ।
তবে উত্তেজনা বাড়লেও উভয় পক্ষই কূটনৈতিক পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছে। ট্রাম্প বারবার দাবি করছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি এখনও সম্ভব। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটি একই সঙ্গে সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, “আমরা যুদ্ধক্ষেত্রও ছাড়িনি, আলোচনার টেবিলও ছাড়িনি।”
অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপে থাকা ইরানের প্রধান লক্ষ্য হলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা এবং বিদেশে আটকে থাকা তেল বিক্রির অর্থ দেশে ফিরিয়ে আনা। পাশাপাশি লেবাননে মিত্র সংগঠন হিজবুল্লাহর ওপর ইসরাইলের সামরিক চাপ কমানোও তেহরানের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।
বিশেষজ্ঞদের ধারণা, জ্বালানি বাজারের অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতার কারণে ট্রাম্প প্রশাসন বর্তমানে বড় ধরনের সামরিক সংঘাতে জড়াতে আগ্রহী নয়। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইরান আলোচনার টেবিলে আরও বেশি সুবিধা আদায়ের চেষ্টা করতে পারে।
তাদের মতে, সাম্প্রতিক উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের ঝুঁকি বাড়ালেও একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষির ক্ষেত্রে ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
সূত্র: বিবিসি