আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পর্যায়ে আলোচনার কোনো সূচি নেই বলে জানিয়েছে ইরান। দেশটির বর্তমান অগ্রাধিকার চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা নয়, বরং সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা বাস্তবায়ন নিশ্চিত করা। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং আলোচক দলের সদস্য ইসমাইল বাঘাই জানান, এখন ইরানের মূল মনোযোগ সমঝোতা স্মারকের বিভিন্ন শর্ত কার্যকর করার দিকে। রাষ্ট্রীয় […]
ছবি: সংগৃহীত
আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পর্যায়ে আলোচনার কোনো সূচি নেই বলে জানিয়েছে ইরান। দেশটির বর্তমান অগ্রাধিকার চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা নয়, বরং সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা বাস্তবায়ন নিশ্চিত করা।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং আলোচক দলের সদস্য ইসমাইল বাঘাই জানান, এখন ইরানের মূল মনোযোগ সমঝোতা স্মারকের বিভিন্ন শর্ত কার্যকর করার দিকে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং এ তথ্য প্রকাশ করেছে।
ইসমাইল বাঘাই বলেন, তেল বিক্রির সঙ্গে সম্পর্কিত ১০ নম্বর ধারার আওতায় প্রয়োজনীয় অনুমোদনপত্র যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জারি করেছে। সেই অনুযায়ী বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে চলছে।
তিনি আরও জানান, ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়ে ১১ নম্বর ধারার বাস্তবায়নও চলমান রয়েছে।
বাঘাইয়ের ভাষ্য অনুযায়ী, এসব কাজ এগিয়ে নিতে ইরানের একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল চলতি সপ্তাহের শেষ দিকে দোহা সফর করবে। তবে এই সফরের উদ্দেশ্য চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা নয়, বরং চলমান বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা।
তিনি স্পষ্ট করে বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র এখনও চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার পর্যায়ে পৌঁছায়নি। সমঝোতা স্মারকের ১৩ নম্বর ধারা অনুযায়ী, ১, ৪, ৫, ১০ ও ১১ নম্বর ধারার বাস্তবায়ন শুরু হওয়ার পরই কেবল চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু হতে পারে। বর্তমানে এসব ধারা বাস্তবায়নের কাজই চলছে।
কাতারে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধিদল গেলেই যে তার সঙ্গে ইরানি প্রতিনিধিদলের সফরের সরাসরি সম্পর্ক থাকবে, এমনটি নয় বলেও মন্তব্য করেন বাঘাই। তার মতে, ইরানি প্রতিনিধিদলের কাতার সফরের মূল উদ্দেশ্য হলো সমঝোতা স্মারকের বাস্তবায়ন অগ্রগতি, বিশেষ করে ১১ নম্বর ধারার কার্যক্রম তদারকি করা।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনার বিষয়ে জল্পনা তৈরি হলেও তেহরান আপাতত সে সম্ভাবনা নাকচ করে দিয়েছে।
তথ্যসূত্র: সিএনএন