ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরসংলগ্ন ১৩৬ বছরের পুরোনো ‘বাঁকড়া এয়ারপোর্ট মসজিদে’ আপাতত নামাজ আদায় বন্ধ হয়ে গেছে। শনিবার থেকে মসজিদে প্রবেশের প্রধান ফটক বন্ধ করে দেওয়ায় মুসল্লিরা সেখানে নামাজ আদায় করতে পারছেন না। শুক্রবার পর্যন্ত মসজিদটিতে নিয়মিত নামাজ অনুষ্ঠিত হলেও হঠাৎ করেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মহম্মদ জমিরউদ্দিন জানান, ফটক […]
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরসংলগ্ন ১৩৬ বছরের পুরোনো ‘বাঁকড়া এয়ারপোর্ট মসজিদে’ আপাতত নামাজ আদায় বন্ধ হয়ে গেছে। শনিবার থেকে মসজিদে প্রবেশের প্রধান ফটক বন্ধ করে দেওয়ায় মুসল্লিরা সেখানে নামাজ আদায় করতে পারছেন না। শুক্রবার পর্যন্ত মসজিদটিতে নিয়মিত নামাজ অনুষ্ঠিত হলেও হঠাৎ করেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মহম্মদ জমিরউদ্দিন জানান, ফটক বন্ধের আগে কোনো ধরনের আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়নি। তবে দীর্ঘদিন ধরে মসজিদটি স্থানান্তরের বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। সে সময় বিকল্প হিসেবে আরও বড় জায়গা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
বিমানবন্দর কর্তৃপক্ষের ব্যাখ্যা অনুযায়ী, আন্তর্জাতিক বিমান নিরাপত্তা বিধিমালা অনুসারে রানওয়ে থেকে যেকোনো স্থাপনার ন্যূনতম দূরত্ব ২৪০ মিটার হওয়া প্রয়োজন। কিন্তু বাঁকড়া এয়ারপোর্ট মসজিদটি রানওয়ে থেকে মাত্র ১৬৫ মিটার দূরে অবস্থিত। এছাড়া এটি বিমানবন্দরের নিরাপত্তা-নিয়ন্ত্রিত এলাকার মধ্যে থাকায় নিরাপত্তার স্বার্থে মসজিদটি স্থানান্তর প্রয়োজন বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
তাদের বিবৃতিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর নিরাপত্তা তত্ত্বাবধানে রয়েছে এবং অতীতেও সংস্থাটি এই স্থাপনাটি নিয়ে আপত্তি জানিয়েছিল।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৮৯০ সালে ‘গৌরীপুর জামে মসজিদ’ নামে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। পরে এর নাম পরিবর্তন করে ‘বাঁকড়া এয়ারপোর্ট মসজিদ’ রাখা হয়। অন্যদিকে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠিত হয় ১৯২৪ সালে। অর্থাৎ বিমানবন্দর নির্মাণের প্রায় ৩৪ বছর আগেই মসজিদটির অস্তিত্ব ছিল।
স্থানীয় ইতিহাসবিদদের মতে, একসময় অবিভক্ত বাংলার বিভিন্ন অঞ্চল, এমনকি বর্তমান বাংলাদেশের সাতক্ষীরা থেকেও মানুষ এই মসজিদে নামাজ আদায় করতে আসতেন। বর্তমানে উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার মুসল্লিরাও নিয়মিত এই মসজিদে ইবাদত করতেন।
এ ঘটনায় শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জমিয়ত উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক হলেও কেউ যেন উত্তেজিত না হন। আলোচনার মাধ্যমে সমাধান বের করে মুসল্লিদের নামাজ আদায়ের সুযোগ নিশ্চিত করতে তিনি বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, জোরপূর্বক মসজিদের প্রবেশপথ বন্ধ করে দেওয়া উচিত হয়নি। বিষয়টির গ্রহণযোগ্য সমাধানে দারুল উলুম দেওবন্দ, অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড এবং জমিয়ত উলামায়ে হিন্দসহ সংশ্লিষ্ট মুসলিম সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান তিনি।