নিজেদের সামরিক সক্ষমতা ও প্রতিরোধের প্রস্তুতি তুলে ধরতে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ভিডিও প্রকাশ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। প্রকাশিত ভিডিওতে দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গজুড়ে সারি সারি ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণযন্ত্র ও বিভিন্ন সামরিক সরঞ্জাম দেখা গেছে। এর মাধ্যমে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা মোকাবিলায় নিজেদের প্রস্তুতির বার্তা দিতে চাইছে তেহরান। শনিবার (২১ নভেম্বর) আলজাজিরার সাংবাদিক […]
ছবি: সংগৃহীত
নিজেদের সামরিক সক্ষমতা ও প্রতিরোধের প্রস্তুতি তুলে ধরতে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ভিডিও প্রকাশ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। প্রকাশিত ভিডিওতে দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গজুড়ে সারি সারি ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণযন্ত্র ও বিভিন্ন সামরিক সরঞ্জাম দেখা গেছে। এর মাধ্যমে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা মোকাবিলায় নিজেদের প্রস্তুতির বার্তা দিতে চাইছে তেহরান।
শনিবার (২১ নভেম্বর) আলজাজিরার সাংবাদিক রেসুল সারদার আতাস তেহরান থেকে জানান, আইআরজিসির প্রকাশিত ভিডিওতে প্রথমবারের মতো বাহিনীর কমান্ডার আহমাদ ভাহিদিকে দেখা গেছে। এ সময় তাঁর পাশে ছিলেন আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান মাজিদ মুসাভি।
ভিডিওতে কয়েক কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গের পাশাপাশি শত শত ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযন্ত্র প্রদর্শন করা হয়েছে। এসবের মধ্যে একসঙ্গে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম লঞ্চারসহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জামও রয়েছে। তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ে ধারণ করা হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আলজাজিরার সাংবাদিকের বিশ্লেষণ অনুযায়ী, এই ভিডিও প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক মহলকে নিজেদের সামরিক সক্ষমতা সম্পর্কে স্পষ্ট বার্তা দিতে চাইছে আইআরজিসি। তাদের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযন্ত্রের কোনো সংকট নেই। প্রয়োজনে নতুন করে যুদ্ধ শুরু হলেও এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহারের সক্ষমতা দেশটির রয়েছে।
বিশ্লেষণে আরও বলা হয়, ভিডিওটি কেবল সামরিক শক্তি প্রদর্শনের প্রচারণা নয়, সম্ভাব্য প্রতিপক্ষের কাছে ইরানের প্রতিরোধক্ষমতার বার্তা পৌঁছে দেওয়ারও একটি প্রচেষ্টা। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নতুন করে সামরিক হামলা চালালে তার জবাব দেওয়ার প্রস্তুতি রয়েছে—এমন বার্তাই তুলে ধরতে চাইছে তেহরান।
এর মধ্য দিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও ভূগর্ভস্থ সামরিক অবকাঠামোকে সম্ভাব্য প্রতিপক্ষের সামনে তুলে ধরল ইরান।