দীর্ঘ ২৬ বছর পর হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একই ধরনের হামের ভাইরাসের সংক্রমণ টানা ১২ মাসের বেশি সময় ধরে চলায় এই স্বীকৃতি প্রত্যাহার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক সংস্থা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংস্থাটি যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকো ও বলিভিয়াকেও হাম নির্মূলের অবস্থান হারানোর ঘোষণা দেয়। পিএএইচওর ১০ থেকে […]
ছবি: সংগৃহীত
দীর্ঘ ২৬ বছর পর হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একই ধরনের হামের ভাইরাসের সংক্রমণ টানা ১২ মাসের বেশি সময় ধরে চলায় এই স্বীকৃতি প্রত্যাহার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক সংস্থা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংস্থাটি যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকো ও বলিভিয়াকেও হাম নির্মূলের অবস্থান হারানোর ঘোষণা দেয়।
পিএএইচওর ১০ থেকে ১৩ নভেম্বর অনুষ্ঠিত আঞ্চলিক পর্যালোচনা সভায় দেশগুলোর রোগতাত্ত্বিক ও পরীক্ষাগারসংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের ২০ জানুয়ারি শুরু হওয়া একই ধরনের হামের ভাইরাসের সংক্রমণ টানা এক বছরের বেশি সময় ধরে চলছে। সংস্থাটির নিয়ম অনুযায়ী, একই জিনোটাইপ ও বংশধারার ভাইরাস কোনো দেশে অন্তত ১২ মাস অব্যাহতভাবে ছড়ালে সেখানে স্থানীয় বা এন্ডেমিক সংক্রমণ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে বিবেচনা করা হয়।
২০০০ সালে যুক্তরাষ্ট্রকে হাম নির্মূলের দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এরপর থেকে দেশটি এই অবস্থান ধরে রেখেছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে সংক্রমণ বেড়ে যাওয়ায় সেই অর্জন আর ধরে রাখা সম্ভব হয়নি। পিএএইচওর পরিচালক জারবাস বারবোসা স্বাধীন বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশ গ্রহণ করে স্বীকৃতি প্রত্যাহারের সিদ্ধান্ত জানান।
পিএএইচওর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৩ নভেম্বর পর্যন্ত আমেরিকা অঞ্চলে ৫৮ হাজার ২১৩ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৮২ জনের মৃত্যু হয়েছে। আগের বছরের একই সময়ে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১২ হাজার ৮০৬। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে চলতি বছর ৫ হাজার ৪০০-এর বেশি হাম আক্রান্তের খবর পাওয়া গেছে, যা ১৯৯১ সালের পর দেশটিতে সর্বোচ্চ।
স্বীকৃতি হারানোর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্রের সব এলাকায় হাম ছড়িয়ে পড়েছে। এর অর্থ, দেশটিতে ভাইরাসটির স্থানীয় সংক্রমণের ধারাবাহিকতা আবার প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এটি জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, হাম সংক্রমণ বন্ধ করে পুনরায় নির্মূলের স্বীকৃতি অর্জনে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সংস্থাটির পরিচালক এরিকা শোয়ার্টজ বলেন, ‘হাম নির্মূলের স্বীকৃতি নয়, টিকাই আমেরিকানদের সুরক্ষা দেয়।’ টিকাদান কার্যক্রম সম্প্রসারণ, সংক্রমণ শনাক্তকরণ এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলোর সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছে সিডিসি।
সিডিসি জানিয়েছে, গত আগস্ট থেকে রাজ্য ও স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলোকে হামসহ টিকাপ্রতিরোধযোগ্য রোগ মোকাবিলায় প্রায় ১০ কোটি ডলার অতিরিক্ত অর্থ দেওয়া হয়েছে। এই অর্থের মাধ্যমে টিকাদানের ঘাটতি চিহ্নিত করা, নজরদারি জোরদার এবং সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে সহায়তা করা হচ্ছে।
পিএএইচওর সুপারিশ অনুযায়ী, স্বীকৃতি হারানো দেশগুলোকে সংক্রমণ নিয়ন্ত্রণে সংশোধনমূলক কর্মপরিকল্পনা নিতে হবে। সংস্থাটি প্রতিটি এলাকায় হামের টিকার দুই ডোজ অন্তত ৯৫ শতাংশ মানুষের মধ্যে নিশ্চিত করার ওপর জোর দিয়েছে। পাশাপাশি দ্রুত রোগ শনাক্তকরণ, পরীক্ষাগার নজরদারি এবং সংক্রমণের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার পরামর্শ দিয়েছে।
পিএএইচও বলছে, টিকাদানের ঘাটতি পূরণ ও কার্যকর নজরদারি নিশ্চিত করা গেলে আবারও হাম নির্মূলের অবস্থানে ফিরে যাওয়া সম্ভব। এর আগে ২০১৮ ও ২০১৯ সালে ভেনেজুয়েলা ও ব্রাজিলে স্থানীয় সংক্রমণ ফিরে এলেও পরবর্তী সময়ে তা নিয়ন্ত্রণে এনে ২০২৪ সালে আমেরিকা অঞ্চল আবার হাম নির্মূলের স্বীকৃতি অর্জন করেছিল।