নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার কোনো রাজনৈতিক বক্তব্য নয়, স্পষ্ট বাংলায় দেওয়া একটি ভিডিও বার্তার কারণে আলোচনায় এসেছেন তিনি। নিউইয়র্কের হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ব্রডওয়ের থিয়েটার শো দেখার সুযোগ করে দিতে বিনামূল্যে টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছেন মামদানি। আর সেই ঘোষণা তিনি দিয়েছেন বাংলায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার কোনো রাজনৈতিক বক্তব্য নয়, স্পষ্ট বাংলায় দেওয়া একটি ভিডিও বার্তার কারণে আলোচনায় এসেছেন তিনি।
নিউইয়র্কের হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ব্রডওয়ের থিয়েটার শো দেখার সুযোগ করে দিতে বিনামূল্যে টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছেন মামদানি। আর সেই ঘোষণা তিনি দিয়েছেন বাংলায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিউইয়র্কের বাংলাভাষী কমিউনিটির মধ্যে বেশ সাড়া পড়েছে।
মেয়রের কার্যালয়ের উদ্যোগে নিউইয়র্কের হাইস্কুল শিক্ষার্থীদের জন্য মোট ২ হাজারটি বিনামূল্যের ব্রডওয়ে টিকিট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। থিয়েটার ডেভেলপমেন্ট ফান্ডের সহযোগিতায় লটারির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে এসব টিকিট বিতরণ করা হবে।
লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা ব্রডওয়ের মোট সাতটি শো দেখার সুযোগ পাবেন। পাশাপাশি অন্যান্য থিয়েটার শোর টিকিটেও বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
ব্রডওয়ের জনপ্রিয় শোগুলোর টিকিট সাধারণত বেশ ব্যয়বহুল হওয়ায় অনেক শিক্ষার্থীর পক্ষেই সেগুলো দেখা সহজ হয় না। তাই শিক্ষার্থীদের নিউইয়র্কের সাংস্কৃতিক জগতের সঙ্গে পরিচিত করার পাশাপাশি থিয়েটার উপভোগের সুযোগ আরও সহজলভ্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউইয়র্কে বড় একটি বাংলাভাষী জনগোষ্ঠীর বসবাস। বিশেষ করে ব্রঙ্কসের পার্কচেস্টারসহ বিভিন্ন এলাকায় বাংলাদেশি অভিবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। নির্বাচনী রাজনীতিতেও এই কমিউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
মামদানির বাংলায় কথা বলার বিষয়টি তাই স্থানীয় বাংলাদেশি ও অন্যান্য বাংলাভাষী বাসিন্দাদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার বাংলা বলার প্রশংসাও করছেন।
মামদানি বহুভাষিক পরিবেশে বেড়ে ওঠার কারণে একাধিক ভাষায় কথা বলতে পারেন। এর আগেও বাংলা, হিন্দি ও উর্দুতে বক্তব্য দিয়ে তিনি বিভিন্ন ভাষাভাষী নিউইয়র্কবাসীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন।
এবার শিক্ষার্থীদের জন্য ব্রডওয়ের টিকিটের ঘোষণা বাংলায় দেওয়ার মাধ্যমে নিউইয়র্কের অন্যতম বড় অভিবাসী কমিউনিটির সঙ্গে তার যোগাযোগের বিষয়টি আবারও সামনে এলো।
ফেসবুক ভিডিও লিংক:
https://www.facebook.com/share/r/1G9t6DHmZH/