যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা তেহরানে যাচ্ছেন। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবাসহ ৩০টিরও বেশি দেশ ইতোমধ্যে তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বদেরও […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা তেহরানে যাচ্ছেন।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবাসহ ৩০টিরও বেশি দেশ ইতোমধ্যে তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বদেরও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত হিসেবে দেশটির সাবেক প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এ তথ্য নিশ্চিত করেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও তেহরানে যাবে। এছাড়া জর্জিয়ার প্রেসিডেন্ট, কিউবার উচ্চশিক্ষামন্ত্রী এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ভারত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইনের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল পাঠিয়েছে। প্রতিনিধি দলে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটাও রয়েছেন। একইভাবে চীনও একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
ইরানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী এবং দাফন আয়োজন কমিটির প্রধান আলী আকবর পোরজামশিদিয়ান জানিয়েছেন, ৩০টিরও বেশি দেশ আনুষ্ঠানিকভাবে উচ্চপর্যায়ের প্রতিনিধি পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি বিশ্বের ৯০টিরও বেশি দেশের ধর্মীয় নেতা ও আলেমরা অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরানি কর্মকর্তাদের ধারণা, কয়েকদিনব্যাপী এই শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে দেড় থেকে দুই কোটিরও বেশি মানুষ উপস্থিত হতে পারেন। তাদের মতে, এটি ইরানের ইতিহাসের অন্যতম বৃহৎ শোকসমাবেশে পরিণত হতে পারে।
আগামী শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রেয়ার কমপ্লেক্সে খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর সোমবার রাজধানীতে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ শোকযাত্রার মাধ্যমে মূল দাফন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পরবর্তী সময়ে ৭ জুলাই পবিত্র শহর কোম, ৮ জুলাই ইরাক এবং ৯ জুলাই মাশহাদে সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে ইরাকের বাগদাদ, কারবালা ও নাজাফেও পৃথক শোকানুষ্ঠানের আয়োজন করা হবে।
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানে তার বাসভবনে সংঘটিত হামলায় নিহত হন। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য এবং ইরানের আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও প্রাণ হারান। পরবর্তীতে মার্চ মাসে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস তার ছেলে আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।