২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিক এ কথা জানান। ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং দলটির পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যাসহ প্রতিবেদনের বিভিন্ন তথ্য নিয়ে আপত্তি তোলা হয়েছে। […]
ছবি: সংগৃহীত
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ।
সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিক এ কথা জানান।
ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং দলটির পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যাসহ প্রতিবেদনের বিভিন্ন তথ্য নিয়ে আপত্তি তোলা হয়েছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
এসব দাবির পরিপ্রেক্ষিতে স্টিফেন দুজারিক বলেন, মানবাধিকার দপ্তরের প্রকাশিত প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে শেষ হওয়া জুলাই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হন। সহিংসতার তদন্ত শেষে মানবাধিকার দপ্তর এ প্রতিবেদন প্রকাশ করে।
ব্রিফিংয়ে বাংলাদেশ থেকে অর্থ পাচারের বিষয়েও প্রশ্ন করা হয়। জবাবে দুজারিক বলেন, সদস্য রাষ্ট্রগুলো থেকে অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি উন্নয়নের পথে বড় বাধা সৃষ্টি করে।
তিনি আরও বলেন, জনগণের অর্থ যাতে আবার জনগণের কাছেই ফিরিয়ে দেওয়া যায়, সে জন্য জাতিসংঘ আন্তর্জাতিক সহযোগিতাকে উৎসাহিত করে।