মঙ্গলবার সংসদে দেওয়া বক্তব্যকে ঘিরে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি পুনরায় জানান, ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেওয়ার বিপক্ষে তিনি আগেই অবস্থান নিয়েছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, সরকারি কর্মকর্তাদের মতো এমপিদেরও একটি সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের সুযোগ থাকা উচিত বলে […]
ছবি: সংগৃহীত
মঙ্গলবার সংসদে দেওয়া বক্তব্যকে ঘিরে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি পুনরায় জানান, ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেওয়ার বিপক্ষে তিনি আগেই অবস্থান নিয়েছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, সরকারি কর্মকর্তাদের মতো এমপিদেরও একটি সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের সুযোগ থাকা উচিত বলে তিনি বক্তব্যে তুলে ধরেছিলেন।
অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে হাসনাত বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর সরকারি দল ও বিরোধী দল উভয় পক্ষই ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট না নেওয়ার বিষয়ে অঙ্গীকার করেছে। তার ভাষায়, তিনি আগের দিন সংসদে সেই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েই কথা বলেছেন। পরে বিভিন্ন সংবাদমাধ্যমে তার বক্তব্যকে ঘিরে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, ডিসি, ইউএনও ও এসিল্যান্ডসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার মতো সংসদ সদস্যদেরও একটি সরকারি গাড়ি বরাদ্দের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। ওই গাড়িটি এমপির মেয়াদকাল পর্যন্ত ব্যবহারযোগ্য থাকবে এবং অতিরিক্ত কোনো ব্যয়ও প্রয়োজন হবে না বলে তিনি মন্তব্য করেন। বর্তমানে গাড়ি মেইনটেন্যান্স বাবদ সংসদ সদস্যদের ৭০ হাজার টাকা দেওয়া হয়, তবে ব্যক্তিগত গাড়ি না থাকায় সেই সুবিধার বাস্তব প্রয়োগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
হাসনাত আরও বলেন, তার বক্তব্যে ট্যাক্স ফ্রি গাড়ি চাওয়ার কোনো বিষয় ছিল না। বরং তিনি শুধু এটাই বলেছেন, অন্য সরকারি সুবিধার মতো সংসদ সদস্যদের জন্যও একটি নির্দিষ্ট সরকারি যানবাহন ব্যবহারযোগ্য হলে তা বেশি কার্যকর হবে। মেয়াদ শেষ হলে সেই গাড়ি সরকারের কাছে ফেরত যাবে বলেও তিনি মত দেন।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি আগেই পরিষ্কার করা হয়েছে। সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, দেশবাসী তা ইতিবাচকভাবে দেখেছে এবং তাদের অভিনন্দন জানিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।