অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ওয়াঙ্গারাটা শহরে নিজের নির্বাচনি কার্যালয়ের বাইরে গাড়িচাপার শিকার হয়ে দুই পা হারিয়েছেন দেশটির স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনস। গুরুতর আহত এই এমপি বর্তমানে মেলবোর্নের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর স্বামী ফিল হেইনস জানিয়েছেন, ভয়াবহ এই ঘটনার পরও মানসিকভাবে দৃঢ় রয়েছেন তাঁর স্ত্রী। ফিল হেইনস বলেন, শারীরিক পুনরুদ্ধার ও সুস্থতার পথটি দীর্ঘ এবং […]
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ওয়াঙ্গারাটা শহরে নিজের নির্বাচনি কার্যালয়ের বাইরে গাড়িচাপার শিকার হয়ে দুই পা হারিয়েছেন দেশটির স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনস। গুরুতর আহত এই এমপি বর্তমানে মেলবোর্নের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর স্বামী ফিল হেইনস জানিয়েছেন, ভয়াবহ এই ঘটনার পরও মানসিকভাবে দৃঢ় রয়েছেন তাঁর স্ত্রী।
ফিল হেইনস বলেন, শারীরিক পুনরুদ্ধার ও সুস্থতার পথটি দীর্ঘ এবং কঠিন হবে। তবে হেলেন একজন লড়াকু মানসিকতার মানুষ। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মেলবোর্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফিল হেইনস চিকিৎসাকর্মীসহ বিশ্বজুড়ে যাঁরা তাঁদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে সমর্থনের নিদর্শন হিসেবে ‘সেভ দ্য চিলড্রেন’ তহবিলে অনুদান দেওয়ার জন্য মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪৩ বছর বয়সী ব্রেন্ডন নিউজেন্টকে গ্রেপ্তারের পর বুধবার স্থানীয় আদালতে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে গুরুতর শারীরিক ক্ষতিসাধন, সরকারি কর্মকর্তার ওপর হামলাসহ তিনটি অভিযোগ আনা হয়েছে। ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ যুক্ত করার বিষয়টিও বিবেচনা করা হতে পারে।
আদালতে নিউজেন্টের পক্ষে জামিনের আবেদন করা হয়নি। আগামী ফেব্রুয়ারিতে তাঁকে আবার আদালতে হাজির করা হবে বলে জানানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা মাইক বুশ জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি পরিকল্পিত হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা উদ্ঘাটন করাই এখন তদন্তকারীদের প্রধান লক্ষ্য। অভিযুক্ত ব্যক্তি কোনো মাদক গ্রহণ করেছিলেন কি না, কিংবা তাঁর শারীরিক বা মানসিক স্বাস্থ্যসংক্রান্ত কোনো সমস্যা ছিল কি না, সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।
আদালতে অভিযুক্তের আইনজীবী জানান, নিউজেন্ট বিরল স্নায়বিক রোগ ‘ইডিওপ্যাথিক ট্রান্সভার্স মায়েলাইটিস’-এ ভুগছেন। তাঁর মানসিক স্বাস্থ্য নিয়েও জটিলতা রয়েছে বলে দাবি করেছেন আইনজীবী। তবে এসব বিষয় হামলার সঙ্গে কীভাবে সম্পর্কিত, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।
হেলেন হেইনস ২০১৯ সাল থেকে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে স্বতন্ত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশটির ইন্ডি আসনের সংসদ সদস্য। তাঁর ওপর এই হামলার ঘটনায় অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হামলার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে সংসদ সদস্যদের নিরাপত্তা এবং জনসাধারণের সঙ্গে তাঁদের সরাসরি যোগাযোগের সুযোগ বজায় রাখার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলার প্রকৃত উদ্দেশ্য নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাটিকে পরিকল্পিত হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তথ্যসূত্র: বিবিসি