ওপেনএআই তাদের নতুন স্বাস্থ্যসেবা–ভিত্তিক ফিচার ‘চ্যাটজিপিটি হেলথ’ সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে। সীমিতসংখ্যক পরীক্ষামূলক ব্যবহারকারীর কাছে কয়েক মাস চালুর পর এবার যুক্তরাষ্ট্রে এটি ব্যাপকভাবে ব্যবহারের সুযোগ দেওয়া হলো। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপল হেলথ এবং অনুমোদিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসা–সংক্রান্ত রেকর্ড চ্যাটজিপিটির সঙ্গে সংযুক্ত করতে পারবেন। এর ফলে স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ, বিভিন্ন রিপোর্ট দেখা এবং প্রয়োজনীয় […]
ছবি: সংগৃহীত
ওপেনএআই তাদের নতুন স্বাস্থ্যসেবা–ভিত্তিক ফিচার ‘চ্যাটজিপিটি হেলথ’ সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে। সীমিতসংখ্যক পরীক্ষামূলক ব্যবহারকারীর কাছে কয়েক মাস চালুর পর এবার যুক্তরাষ্ট্রে এটি ব্যাপকভাবে ব্যবহারের সুযোগ দেওয়া হলো।
নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপল হেলথ এবং অনুমোদিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসা–সংক্রান্ত রেকর্ড চ্যাটজিপিটির সঙ্গে সংযুক্ত করতে পারবেন। এর ফলে স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ, বিভিন্ন রিপোর্ট দেখা এবং প্রয়োজনীয় প্রশ্নের উত্তর পাওয়া আরও সহজ হবে।
ওপেনএআই জানিয়েছে, ব্যবহারকারীরা নিজেদের স্বাস্থ্যতথ্যের সাম্প্রতিক পরিবর্তন পর্যবেক্ষণ, চিকিৎসা–সংক্রান্ত রেকর্ড ব্রাউজ এবং বিভিন্ন প্রস্তুতকৃত প্রম্পট ব্যবহার করে স্বাস্থ্যবিষয়ক তথ্য জানতে পারবেন।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, স্বাস্থ্য–সম্পর্কিত প্রশ্ন এখন চ্যাটজিপিটির অন্যতম জনপ্রিয় ব্যবহারক্ষেত্র। বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় ৩০ কোটি মানুষ স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চ্যাটজিপিটি ব্যবহার করেন।
অন্যদিকে, কেএফএফ হেলথ পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, গত এক বছরে যুক্তরাষ্ট্রের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় একজন স্বাস্থ্যসংক্রান্ত তথ্য জানতে কোনো না কোনো এআই চ্যাটবটের সহায়তা নিয়েছেন।
ওপেনএআই এক মিডিয়া ব্রিফিংয়ে দাবি করেছে, তাদের সর্বশেষ এআই মডেলগুলো স্বাস্থ্যসংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি নির্ভুল। প্রতিষ্ঠানটির ভাষ্য, কিছু ক্ষেত্রে এসব মডেল চিকিৎসকদের সমপর্যায়ের, এমনকি নির্দিষ্ট পরিস্থিতিতে আরও ভালো ফলও দেখিয়েছে।
চলতি বছরের বসন্তে প্রকাশিত সায়েন্স সাময়িকীর এক গবেষণায়ও উল্লেখ করা হয়, ওপেনএআইয়ের o1 রিজনিং মডেল বাস্তব চিকিৎসা–সংক্রান্ত জটিল পরিস্থিতি বিশ্লেষণে চিকিৎসকদের সমমানের বা কিছু ক্ষেত্রে আরও উন্নত পারফরম্যান্স দেখিয়েছে।
ওপেনএআইয়ের হেলথ প্রোডাক্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যাশলে আলেকজান্ডার বলেন, বিশ্বের অনেক মানুষ এখনও সময়মতো মানসম্মত স্বাস্থ্যসেবা পান না। তাই স্বাস্থ্যবিষয়ক নির্ভরযোগ্য তথ্য আরও সহজলভ্য করাই তাদের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, “স্বাস্থ্যসংক্রান্ত সহায়তা সবার নাগালের মধ্যে থাকা উচিত।”
বর্তমানে ‘চ্যাটজিপিটি হেলথ’ কেবল যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। ভবিষ্যতে এটি অন্যান্য দেশেও সম্প্রসারণ করা হবে কি না, সে বিষয়ে ওপেনএআই এখনো কোনো সময়সূচি ঘোষণা করেনি।