জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভিজিটর ভিসার অপব্যবহার ঠেকাতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নজরদারি ও অভিযান আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মার্কিন কর্তৃপক্ষ বলছে, শুধুমাত্র যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে ভিসা ব্যবহারকে তারা অভিবাসন ব্যবস্থার অপব্যবহার হিসেবে বিবেচনা করছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, পশ্চিম আফ্রিকার একটি দেশে অবস্থিত মার্কিন দূতাবাস […]
ছবি: সংগৃহীত
জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভিজিটর ভিসার অপব্যবহার ঠেকাতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নজরদারি ও অভিযান আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মার্কিন কর্তৃপক্ষ বলছে, শুধুমাত্র যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে ভিসা ব্যবহারকে তারা অভিবাসন ব্যবস্থার অপব্যবহার হিসেবে বিবেচনা করছে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, পশ্চিম আফ্রিকার একটি দেশে অবস্থিত মার্কিন দূতাবাস সম্প্রতি ১০০ জনেরও বেশি বিদেশি নাগরিককে জড়িত একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক শনাক্ত করেছে। অভিযোগ রয়েছে, ভুয়া তথ্য ও তথাকথিত ‘ভিসা ফিক্সারদের’ সহায়তায় এসব ব্যক্তি যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা করছিলেন।
তদন্তের পর সংশ্লিষ্টদের ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। একই সঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ ধরনের আরও চক্র শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
ইউরোপেও ‘বার্থ ট্যুরিজম’ বা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে পরিচালিত কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল থেকে ৪০০টির বেশি সন্দেহজনক ঘটনার সন্ধান পাওয়া গেছে। তদন্তে অন্তত ছয়টি প্রতিষ্ঠানের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে।
মার্কিন কর্মকর্তাদের দাবি, এসব প্রতিষ্ঠান আবেদনকারীদের ভিসা সাক্ষাৎকারে কীভাবে তথ্য দিতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দিত, যুক্তরাষ্ট্রে থাকার ব্যবস্থা করত এবং সন্তান জন্মদানের পুরো পরিকল্পনা সাজিয়ে দিত।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।
এদিকে উত্তর আফ্রিকায় অবস্থিত আরেকটি মার্কিন দূতাবাস জন্মসূত্রে নাগরিকত্ব লাভের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনার অভিযোগে ১০০টির বেশি ভিসা বাতিল করেছে। মার্কিন কর্মকর্তারা জানান, তথ্য বিশ্লেষণ প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে এসব নেটওয়ার্ক শনাক্ত করা সম্ভব হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, “যুক্তরাষ্ট্রের ভিসা কোনো অধিকার নয়, এটি একটি বিশেষ সুযোগ।” সংস্থাটি আরও জানিয়েছে, ভিসা জালিয়াতি ও জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনের উদ্দেশ্যে পরিচালিত অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে বিশ্বব্যাপী অভিযান অব্যাহত থাকবে।
মার্কিন প্রশাসনের মতে, ভিসা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখা এবং অভিবাসন আইন যথাযথভাবে প্রয়োগ করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।