ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইবাদতের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য তুলে ধরেন। মসজিদের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিত করতেই এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। তিনি জানান, সরকারি নিয়ম অনুযায়ী ধাপে ধাপে উন্নয়ন […]
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইবাদতের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য তুলে ধরেন। মসজিদের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিত করতেই এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
তিনি জানান, সরকারি নিয়ম অনুযায়ী ধাপে ধাপে উন্নয়ন কাজ চলছে। দায়িত্ব গ্রহণের পর বৈদ্যুতিক সমস্যার সমাধানে ১১ কোটি টাকায় নতুন সাব-স্টেশন ও উচ্চক্ষমতার জেনারেটর স্থাপন, অগ্নি নিরাপত্তায় ৮০টি ফায়ার হাইড্রেন্ট সংযোজন, পানির সমস্যা সমাধানে সাবমারসিবল পাম্প এবং আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে।
এ ছাড়া ড্রেনেজ সংস্কার, নারীদের নামাজকক্ষসহ মসজিদের এসিগুলো মেরামত, ১২ হাজার স্কয়ারফুট নতুন কার্পেট, ১২০টি সিলিং ফ্যান ও ১০টি পেডেস্টাল ফ্যান সংযোজন করা হয়েছে। টয়লেট ও অযুখানা পরিষ্কারে বেসরকারি প্রতিষ্ঠানের ১২ জন কর্মী নিয়োজিত আছে। পূর্বদিকে ৩০টি নতুন টয়লেট-অযুখানা ও ক্ষতিগ্রস্ত চারটি গেট পুনর্নির্মাণ করা হয়েছে।
মার্কেট ব্যবস্থাপনায় দুই কোটি টাকা বকেয়া আদায়, দুটি দোকান উদ্ধার এবং কারপার্কিং ইজারা থেকে ৭০ লাখ টাকার বেশি আয় হয়েছে। উপদেষ্টা জানান, গত এক বছরে মসজিদ ও মার্কেটের মূলধন ৯০ কোটি থেকে বেড়ে ১১০ কোটিতে উন্নীত হয়েছে।
ব্রিফিংয়ে ধর্মসচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।