সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৩২ অপরাহ্ন, ১ জুলাই ২০২৬

জাপানের কঠোর ভিসানীতিতে চাপে বিদেশি উদ্যোক্তারা

জাপানে ব্যবসা পরিচালনা–সংক্রান্ত ভিসার নিয়ম আরও কঠোর হওয়ায় দেশটিতে বসবাসরত বহু বিদেশি উদ্যোক্তা অনিশ্চয়তার মুখে পড়েছেন। নতুন শর্ত পূরণে ব্যর্থ হলে তাদের জাপান ছাড়তে হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। টোকিওর ওকুবো এলাকায় একটি নেপালি রেস্তোরাঁ পরিচালনা করা ৩৮ বছর বয়সী নেপালি উদ্যোক্তা বুধাথোকি সামঝানা তাদেরই একজন। দীর্ঘ পরিশ্রমে গড়ে তোলা ব্যবসা ও নতুন জীবন […]

জাপানের কঠোর ভিসানীতিতে চাপে বিদেশি উদ্যোক্তারা
নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

জাপানে ব্যবসা পরিচালনা–সংক্রান্ত ভিসার নিয়ম আরও কঠোর হওয়ায় দেশটিতে বসবাসরত বহু বিদেশি উদ্যোক্তা অনিশ্চয়তার মুখে পড়েছেন। নতুন শর্ত পূরণে ব্যর্থ হলে তাদের জাপান ছাড়তে হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

টোকিওর ওকুবো এলাকায় একটি নেপালি রেস্তোরাঁ পরিচালনা করা ৩৮ বছর বয়সী নেপালি উদ্যোক্তা বুধাথোকি সামঝানা তাদেরই একজন। দীর্ঘ পরিশ্রমে গড়ে তোলা ব্যবসা ও নতুন জীবন হারানোর শঙ্কায় রয়েছেন তিনি।

সামঝানা বলেন, জাপান ও নেপালের মধ্যে একটি সেতুবন্ধন তৈরির স্বপ্ন নিয়েই তিনি কাজ শুরু করেছিলেন। কিন্তু নতুন পরিস্থিতিতে সেই স্বপ্ন ভেঙে যেতে বসেছে।

জনসংখ্যা হ্রাস ও শ্রমিক সংকট সত্ত্বেও জাপানে অভিবাসনবিরোধী মনোভাব বাড়তে থাকায় ২০২৫ সালের শেষ দিকে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি ব্যবসা পরিচালনা ভিসার নিয়ম আরও কঠোর করে।

নতুন নীতিমালা অনুযায়ী, ব্যবসা পরিচালনার ভিসা পেতে প্রয়োজনীয় ন্যূনতম মূলধনের পরিমাণ ৫০ লাখ ইয়েন থেকে বাড়িয়ে ৩ কোটি ইয়েন করা হয়েছে, যা প্রায় ১ লাখ ৮৫ হাজার মার্কিন ডলারের সমান। এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা ছোট উদ্যোক্তাদের জন্য অত্যন্ত কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২০১৬ সালে শিক্ষার্থী হিসেবে জাপানে আসেন সামঝানা। কয়েক বছরের সঞ্চয়ের মাধ্যমে ২০২৩ সালে তিনি প্রথম রেস্তোরাঁ চালু করেন। চলতি বছরের শুরুতে তৃতীয় রেস্তোরাঁ খোলার পর তিনি প্রায় এক দশক পর নিজের ১৪ বছর বয়সী মেয়েকে নেপাল থেকে জাপানে নিয়ে আসতে সক্ষম হন।

তবে এখন তার সবচেয়ে বড় উদ্বেগ মেয়ের ভবিষ্যৎ। কারণ, ভিসা নবায়ন না হলে তাকে এবং তার পরিবারকে জাপান ছাড়তে হতে পারে।

একই ধরনের সংকটে পড়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী মনীশ কুমারও। প্রায় তিন দশক ধরে জাপানে বসবাস করলেও সম্প্রতি তাকে জানানো হয়েছে যে তার ব্যবসা পরিচালনার ভিসা নবায়ন করা হবে না।

ভিসা–সংক্রান্ত বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে জাপানের অভিবাসন কর্তৃপক্ষ আগের তুলনায় অনেক বেশি কঠোর অবস্থান নিয়েছে। এখন ভিসা নবায়নের ক্ষেত্রে কর পরিশোধের প্রমাণপত্র, সামাজিক বীমার নথিসহ অতিরিক্ত তথ্য ও কাগজপত্র জমা দিতে হচ্ছে।

নতুন নীতির বিরুদ্ধে ইতোমধ্যে অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। নিয়ম বাতিল বা পুনর্বিবেচনার দাবিতে ৬৭ হাজারের বেশি মানুষ একটি অনলাইন আবেদনে স্বাক্ষর করেছেন।

২০২৪ সালের মে মাসে জাপানের বিচার মন্ত্রণালয় ‘অবৈধ বিদেশি শূন্যে নামিয়ে আনা’ পরিকল্পনা ঘোষণা করার পর থেকেই বিদেশিদের জন্য অভিবাসন ও ভিসা নীতিতে কড়াকড়ি বাড়তে শুরু করে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং ‘জাপানিজ-ফার্স্ট’ নীতির জনপ্রিয়তা বৃদ্ধিও সরকারের অবস্থান কঠোর হওয়ার পেছনে ভূমিকা রেখেছে।

বিশেষজ্ঞদের মতে, ভিসার অপব্যবহার ঠেকানোই নতুন নীতির প্রধান উদ্দেশ্য হলেও এর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে বৈধভাবে ব্যবসা পরিচালনা করা ছোট উদ্যোক্তা, রেস্তোরাঁ মালিক এবং নতুন বিদেশি ব্যবসায়ীদের ওপর।

নতুন নিয়মে ব্যবসা পরিচালনা ভিসাধারীদের একজন জাপানি নাগরিক অথবা দীর্ঘমেয়াদি বাসিন্দাকে চাকরিতে নিয়োগ দেওয়ার শর্তও যুক্ত করা হয়েছে। তবে শ্রমিক সংকটে থাকা জাপানে এই শর্ত পূরণ করাও অনেক উদ্যোক্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ